অবিলম্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে: ভারতের অর্থমন্ত্রী
ভারতের অনুমিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই তার সরকারের আশু লক্ষ্য হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদামবরম।
শুক্রবার হায়দরাবাদে ব্যাংকিং সংক্রান্ত এক সেমিনারে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশু লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে চার শতাংশের মধ্যে ধরে রাখতে রাজস্ব ও আর্থিক নীতি সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রেপো রেট সহনীয় পর্যায়ে বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর এটাই ইঙ্গিত দিয়েছেন যে তিনি এ ব্যাপারে আর্থিক ও রাজস্ব সংক্রান্ত পদক্ষেপ গ্রহণে প্রস্তুত আছেন এবং থাকবেন।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক ঋণ গ্রহণের মূল হারসহ অন্যান্য হার স্থিত রেখে ঋণ দানের হার ২৫ ভাগ ভিত্তিতে হিসেব করে সাত দশমিক ২৫ শতাংশে উন্নীত করে।
এদিকে জুন মাসে গৃহস্থালী ভোগ ও উচ্চ ঋণের হারের কারণে গত এক বছরের মধ্যে মুদ্রাস্ফীতি বেড়ে সর্বোচ্চ পাঁচ দশমিক ৪৪ শতাংশ হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক শুধু ২০০৬ সালেই ঋণ দানের হার চার দফা বাড়াতে হয়েছে।
এ বছর ১৪ অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতি পাঁচ দশমিক ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। সরকার শুক্রবার এ তথ্য প্রকাশ করেন।
চিদামবরম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে চার শতাংশে কমিয়ে আনা। ...এর জন্য রাজস্ব ও আর্থিক নীতি সংক্রান্ত মিশ্র নীতি গ্রহণ করতে হবে। আমরা এসব পদক্ষেপ গ্রহণ করবো।’
তিনি বলেন, ২০০৭ সালের ৩১ মার্চে শেষ হওয়া চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আট শতাংশেরও বেশি হারে উন্নীত করার ব্যাপারে তিনি নিশ্চিত।
