২০৪৮ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে সামুদ্রিক সম্পদ
অবাধে অতিরিক্ত মাছ ধরা এবং মাছের চারণ ক্ষেত্র ধ্বংস করার বর্তমান ধারা চলতে থাকলে ২০৪৮ সালের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের মৎস ও জলজ সম্পদ। এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন এ কথা।
১৯৬০ দশক থেকে নিয়মিত সমুদ্র সম্পদের ওপর গবেষণার পাশাপাশি হাজার বছরের সামুদ্রিক রেকর্ড বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন মার্কিন মেরিন গবেষকরা।
কয়েক হাজার বছরের পরিবেশ বিবর্তনের পুরানো রেকর্ড পর্যালোচনা করে গবেষকরা বলেছেন কচ্ছপ, কাকঁড়া, ঝিনুক, শামুক ও চিংড়ি জাতীয় মাছ বা প্রাণী, সামুদ্রিক পাখি , শৈবাল ও উদ্ভিদ এবং অণুজীব দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ২৯ প্রজাতির সামুদ্রিক প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।
এভাবে মৎস ও অন্যান্য সামুদ্রিক সম্পদ নিধন চলতে থাকলে ২০৪৮ সালের মধ্যে সব প্রজাতির মাছ ও সামুদ্রিক জীব বিলুপ্ত হওয়ার মুখে পড়বে। গবেষণাকারী দলটির প্রধান বোরিস ওয়াম জানান, খোলস আছে এমন সব মাছ বা প্রাণী থেকে শুরু করে টুনা, সোর্ডসহ তিমি, সীলমাছ, ডলফিন ইত্যাদি সবধরনের মাছের অস্তিত্ব এখন হুমকির মুখে। আর সামুদ্রিক সম্পদের বিলুপ্তির ফলে সমুদ্র-মহাসমুদ্রগুলো বিশ্বের জলবায়ু পরিবর্তনের ধাক্কা কাটিয়ে উঠতে পারবেনা। মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে আমাদের জীববৈচিত্র।
বোরিস ওয়ার্ম আরো বলেন, “জলজ সম্পদের বিলুপ্তির ফলে আমাদের ইকোসিস্টেম তার উৎপাদন ক্ষমতা এবং স্থিতিশীলতা হারিয়ে ফেলবে। ফলে কল্পনার অতীত এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে পড়বো আমরা।”
