শাকিরার গ্রামি জয়
নিউইয়র্কে অনুষ্ঠিত সপ্তম ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একের পর এক এওয়ার্ড হাতে নিয়ে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছেন কলাম্বিয়ার পপস্টার শাকিরা এবং পুয়ের্তো রিকোর নতুন দল ‘ক্যালে থারটিন’। পাঁচটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান শাকিরা।
নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠানে সবার মনোযোগ ছিল শাকিরার ওপর। ঝলমলে উপস্থিতি দিয়ে সবার হৃৎকম্প তোলেন হালের ক্রেজ এই পপ তারকা।
তার “ফিজাসিওন ওরাল ভল ওয়ান” একই সঙ্গে বছরের সেরা অ্যালবাম এবং সেরা নারী গায়িকার অ্যালবাম হওয়ার গৌরব অর্জন করে। আর তার ‘লা টরটুরা’ গানটি জিতেছে ‘রেকর্ড অব দ্যা ইয়ার’ এবং ‘সং অব দ্যা ইয়ার’এর পুরষ্কার ।
সাউন্ড সিস্টেমসহ যান্ত্রিক ও প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতার জন্য ‘বেস্ট ইনঞ্জিনিয়ার্ড অ্যালবাম’ও নির্বাচিত হয় শাকিরার ‘ফিজাসিওন ওরাল ভল ওয়ান’।
এছাড়া, ল্যাটিন আমেরিকার সঙ্গীতের একটি জনপ্রিয় ও আঞ্চলিক ধারা ‘রেগেটন’ নিয়ে ঝড় তোলা নতুন দল ‘কল থারটিন’ এবার গ্র্যামির অনুষ্ঠানেও তোলে আনন্দের হিল্লোল। এই দলটি খুব দ্রুত জয় করে নিয়েছে বিশ্বের তরুন শ্রোতাদের হৃদয়। দুই সৎ ভাই রেনে পেরেজ ও এদোয়ার্দো কাবরার দলটি জয় করে নিয়েছে বেস্ট আরবান মিউজিক অ্যালবাম। এছাড়া বেস্ট নিউ আর্টিস্ট এবং আট্রিভেট টি টি’র গানটির মিউজিক ভিডিওর জন্য বেস্ট শর্ট ফর্ম মিউজিক ভিডিও পুরস্কারও গিয়েছে তাদের ঝুলিতে।
