বুশের সন্ত্রাসবিরোধী আইন চ্যালেঞ্জ করেছেন আইনজীবীরা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্বাক্ষরকৃত নতুন সন্ত্রাসবিরোধী আইনের গুরুত্বপূর্ণ একটি ধারাকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করে তা বাতিল করার আবেদন করেছেন গুয়ানতানামোর কয়েক বন্দীর আইনজীবীরা।
ওই আইনে বলা হয়েছে গুয়ানতানামোর বহু বন্দীর করা আপিল আবেদন বিবেচনা করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের আপিল আদালতের নেই।
আইনজীবীরা বুধবার বলেন, এই বিধান অসাংবিধানিক এবং তা যুক্তরাষ্ট্রের আইনের মূল নীতিমালার আলোকে প্রণীত ‘হেবিয়াস কর্পাস বা বন্দী প্রদর্শন’ সংক্রান্তঅধিকারের বরখেলাপ।
প্রেসিডেন্ট বুশ গত মাসে এই আইনটি অনুমোদন করে এতে স্বাক্ষর করেন।
এর পরপরই মার্কিন বিচার বিভাগ আদালতগুলোকে জানিয়ে দেয় গুয়ানতানামোর চার শতাধিক বন্দীর দুই শতাধিক মামলার বিচার করার এখতিয়ার তারা আর রাখেন না।
বুশ অনুমোদিত নতুন এই আইনের একটি শর্তে বলা হয়েছে ‘হেবিয়াস কর্পাস’ বা বন্দী প্রদর্শন সংক্রান্ত নীতির আওতায় কোনো বন্দী বা কয়েদী তার বন্দীদশা ও শাস্তির যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না।
এতে আরও বলা হয়, বন্দী প্রদর্শনের ক্ষেত্রে কোনো আদালত, বিচারপতি অথবা বিচারককে বিদেশী বন্দীদের রিটের আবেদন শোনার বা বিবেচনা করে দেখার ক্ষমতা দেওয়া হবে না, বিশেষ করে ওই বন্দীরা যদি যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর নাগরিক হয়।
আইনজীবীরা বলেন, সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে যেকোনো স্থান থেকে গ্রেপ্তার করে কোনো সুনির্দিষ্ট চার্জ বা অভিযোগ ছাড়াই বছরের পর বছর ওই বন্দীশালায় আটক রাখা এবং কী অপরাধে তাদের বন্দী করে রাখা হচ্ছে সে সম্পর্কে জানার অধিকার কেড়ে নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্র প্রশাসনের নেই।
সন্ত্রাসবিরোধী আইনটির মূল অংশটি সংবিধান পরিপন্থী’ বলে মন্তব্য করে শিগগিরই এটি সংশোধনের আহ্বান জানান আইনজীবীরা।
আগামী ১৩ নভেম্বর বুশ প্রশাসন ওই আবেদনের উত্তর দেবে বলে আশা করা হচ্ছে।
