গবেষকদের অভিমত: টেলিভিশন বিজ্ঞাপন ধূমপানে আসক্ত করে
তের থেকে ঊনিশ বছর বয়সীদের সিগারেটে আসক্ত না হওয়ার জন্য তামাক কোম্পানিগুলোর প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপন মূলত তাদের নিরুৎসাহিত না করে আসক্তি আরও বাড়িয়ে দিচ্ছে।
আমেরিকার এক লাখ কিশোরের ওপর গবেষণা চালিয়ে মঙ্গলবার পাবলিক হেলথ নামক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়, বিজ্ঞাপনগুলো ভালোর চেয়ে বরং তাদের আরও বেশি ক্ষতিই করছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম কাস হুইলার বলেন, “তামাক কোম্পানিগুলো মিথ্যা বলছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের শিশুরা যাতে তামাকে আসক্ত হয়। তারা যদি সত্যি সত্যিই ধূমপানের হার কমাতে আগ্রহী হতো তাহলে এ খাতে বছরে ১৫০০ কোটি ডলার ব্যয় করতো না।”
অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেলানি ওয়াকেফিল্ড ইলিনয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে এ গবেষণাপি পরিচালনা করেন। নিয়েলসন মিডিয়া রিসার্চের টেলিভিশন দেখে প্রাপ্ত তথ্য এ গবেষণায় ব্যবহার করা হয়েছে।
১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পরিচালিত এ গবেষণায় তারা দেখার চেষ্টা করেছেন তামাক কোম্পানির বিজ্ঞাপনগুলো কতবার প্রচারিত হচ্ছে এবং ১২ থেকে ১৭ বছর বয়সীরা তা কিভাবে গ্রহণ করছে।
একই সাথে তারা মিশিগান বিশ্ববিদ্যালয় ৪৮টি রাজ্যে অষ্টম, দশম এবং দ্বাদশ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের তামাক ব্যবহারের ওপর করা গবেষণাগুলোও পর্যালোচনা করেন। এ গবেষণাগুলোর তথ্য একই সময়েই সংগ্রহ করা হয়েছিল।
তবে কোম্পানিগুলোর প্রচারিত ধূমপানবিরোধী বিজ্ঞাপন এবং কিশোরদের ধূমপানের হারের মধ্যে কোন ধরনের সম্পর্ক এসব তথ্য প্রকাশ করে না।
এক বিবৃতিতে ওয়াকেফিল্ড এবং ইলিনয় বিশ্ববিদ্যালয় জানায়, “কিশোরদের জন্য যে বিজ্ঞাপন প্রচার করা হয় তা কোন প্রভাব ফেলে না এবং বাবা-মায়েদের জন্য প্রচারিত বিজ্ঞাপনগুলো মূলত কৈশোরের শেষপ্রান্তে থাকা ছাত্রদের ওপর বিরূপ প্রভাব ফেলে।”
গবেষকরা বলেন, ১৯৯৮ সালের ডিসেম্বরে সিগারেট কোম্পানি ফিলিপ মরিস ১০০ ডলারের টিভি প্রচারাভিযান চালায় যার স্লোগান ছিল ‘ভেবে দেখ। ধূমপান কর না।’
লোয়েস গ্রুপের লোরিলার্ড টোব্যাকো কোম্পানিও যুক্তরাষ্ট্রের টেলিভিশনে কিশোরদের জন্য ধূমপানবিরোধী প্রচারাভিযান চালায় বলেও তারা উল্লেখ করেন।
গবেষকরা আরও বলেন, ফিলিপ মরিসের ধূমপানবিরোধী টিভি অনুষ্ঠানের প্রাক্তন পরিচালক ক্যারোলিন রেভি জানান যে তাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ধূমপান করার জন্য কিশোরদের ১৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করানো, কিশোরদের ধূমপান থেকে বিরত রাখা নয়।
এদিকে ফিলিপ মরিসের মুখপাত্র পেজি রবার্টস বলেন, তাদের বিজ্ঞাপনগুলো যে বাবা-মােেয়র ক্ষেত্রে ফলপ্রসূ প্রভাব ফেলছে সে ব্যাপারে তাদের কোম্পানি গবেষণা করেছে।
রবার্টস বলেন, গবেষণায় দেখা গেছে ১০ থেকে ১৭ বছর বয়সী ছেলেমেয়েদের ৬১ শতাংশ বাবা-মা ফিলিপ মরিসের অন্তত একটি বিজ্ঞাপনের ব্যাপারে সচেতন এবং এ বিজ্ঞাপনগুলো দেখার পর ধূমপান না করার ব্যাপারে তারা তাদের সন্তানদের সাথে কথা বলেছেন।
