২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের বিরুদ্ধেনেপালি কংগ্রেস পার্টির ৬ কর্মীকে অপহরণের অভিযোগ

মাওবাদী গেরিলারা তাদের এক জনসভায় হামলা চালিয়ে ছয় কর্মীকে অপহরণ করেছে বলে নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টি মঙ্গলবার অভিযোগ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ছয় মাস আগে সরকারের সাথে যে যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল মাওবাদীদের এ তৎপরতা তার পরিপন্থী বলে কংগ্রেস অভিযোগ করে।

এক বিবৃতিতে নেপালি কংগ্রেস পার্টি জানায়, শনিবার পশ্চিম নেপালের কালিকোট জেলায় দলের জনসভায় মাওবাদী গেরিলারা হামলা চালিয়ে কর্মীদের মারধোর করে, মাইক্রোফোন কেড়ে নেয় এবং পতাকা ছিঁড়ে ফেলে। একই সময় তারা ছয় কর্মীকেও অপহরণ করে।

বিবৃতিতে আরও বলা হয়, মাওবাদী গেরিলারা আসলেই শান্তি প্রক্রিয়ায় রাজি কিনা এ ঘটনা সে ব্যাপারে সন্দেহ জাগায়।

এদিকে এ ঘটনাকে ’ছোটখাট ঝগড়া’ বলে উল্লেখ করে গেরিলাদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেন, ‘নেপালি কংগ্রেস যেমন দাবি করছে এ ঘটনা ততোটা মারাত্মক নয়। আর ঘটনাটি তখনই শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, এপ্রিল মাসে কয়েক সপ্তাহের গণ আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হস্তান্তরের পর শান্তি প্রক্রিয়া শুরু হয়। এরপর মে মাসে নবগঠিত বহুদলীয় সরকার গেরিলাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর এবং শান্তি আলোচনা শুরু করে।

এ চুক্তি অনুযায়ী মাওবাদী গেরিলারা সাতটি প্রধান রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা না করতে বা তাদের জনসভায় বাধা না দেওয়ার ব্যাপারে রাজি হয়।