২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা নিরসনে রাজি হয়েছে হামাস ও ফাতাহ

ফিলিস্তিনের প্রতিপক্ষ দুই সংগঠন হামাস ও ফাতাহ নিজেদের মধ্যকার উত্তেজনা নিরসনে একযোগে কাজ করতে রাজি হয়েছে। শনিবার সকালে এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি অনুগত কিছু ব্যক্তি হামাস নেতৃত্বাধীন  সরকারকে ‘উৎখাতের’ চেষ্টা করেছিল- এমন অভিযোগ ওঠার পর প্রতিপক্ষ সংগঠন দুটি বৈঠকে বসতে রাজি হয়।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হামাস অভিযোগ করে আব্বাসের কিছু সমর্থক গত শনিবার কয়েকটি সরকারি ভবনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। ওই বিবৃতিতে অবশ্য এজন্য আব্বাসকে সরাসরি দায়ি করা হয়নি। হামাস তাদের অভিযোগের স্বপক্ষে কোনো তথ্যপ্রমাণও হাজির করেনি। 

তবে আব্বাসের ফাতাহ সংগঠন এ অভিযোগ অস্বীকার করে বলে, এর মাধ্যমে ক্ষমতা নিয়ে উভয় সংগঠনের মধ্যকার দ্বন্দ্ব ও সহিংসতার বিষয়টি প্রকাশ্য রূপ নিয়েছে।

এরপর শনিবার দুই সংগঠন গাজায় বৈঠকে বসতে রাজি হয়। এ সময় তাদের বন্দুকধারী দলীয় সদস্যদের রাস্তায় টহল দেওয়া থেকে বিরত রাখা হয়। রাস্তায় এ সময় শুধু পুলিশ টহল দেয়।