যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করলেন বুশ
যুক্তরাষ্ট্র--মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ সংক্রান্ত একটি নতুন আইন প্রণয়নে অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
নির্বাচনী বছরের প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি আইনে স্বাক্ষর দেন।
অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে ৭০০ মাইল দীর্ঘ এই প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত অনুমোদনের পর তিনি এতে স্বাক্ষর করেন।
বুশের রিপাবলিক দল মনে করছেন, এই আইন প্রণয়নের ফলে একটি গণতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হলো যা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তাদেরকে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
হোয়াইট হাউজে স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে বুশ বলেন, ’আমাদের সীমান্তকে নিরাপদ ও বিপদমুক্ত রাখা তো আমাদেরই দায়িত্ব। আমরা এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই।’
এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারন অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী স্টেফান হারপারের সাথে এক সাক্ষাতের পর বলেন, ’এ ধরনের হঠকারী সিদ্ধান্ত সমস্যার সমাধান তো করবেই না, বরং সীমান্তে বহু মেক্সিকানদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।’
তিনি আরো বলেন, ‘দুই জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর নির্মাণের ঘটনাটি ছিল মানবতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। আমি নিশ্চিত মেক্সিকো--যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর নির্মাণ করলে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের করা একইরকম আরেকটি অপরাধ।’
এর আগে সীমান্তে নিরাপত্তা জোরদারসহ প্রাচীর নির্মাণ সংক্রান্ত একটি বিলের পক্ষে সমর্থন জানানোয় বুশ দীর্ঘ সমালোচনা ও বিরোধিতার মুখে পড়েন। কংগ্রেসে এই বিলটি এবং অবৈধ অবিবাসীদের জন্য একটি অতিথি কর্র্মী কর্মসূচি অনুমোদনের জন্য তিনি অবশ্য মাসের পর মাস চেষ্টা করে গেছেন।
অতিথি কর্র্মী কর্মসূচি সম্পর্কে বুশ বলেন, ‘অস্থায়ী ভিত্তিতে কর্মী পরিকল্পনা প্রস্তুত করে আমরা আমাদের সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশজনিত চাপ কমাবো।’
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ--পশ্চিমে অবস্থিত চারটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো ও টেক্সাসের ভেতর দিয়ে ৭০০ মাইল (১,১২৬ কিমি) দীর্ঘ এই প্রাচীর নির্মাণ করা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র--মেক্সিকো সীমান্তের মোট দৈর্ঘ্য ২০০০ মাইল বা ৩,২০০ কিমি।
