গবেষকদের অভিমত: ইরাকে মৃত্যুর হার নিয়ে সাম্প্রতিক তথ্য সঠিক ছিল
যুক্তরাষ্ট্রের অভিযানের কারণে ইরাকে স্বাভাবিক মৃত্যু হারের চেয়ে বেশি হারে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি বিতর্কিত যে তথ্য দিয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন তা সঠিক হতে পারে বলে গবেষকরা শনিবার জানিয়েছেন।
লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মিশেল ইন্ট্রিলিগাটর বলেন,‘আমার ধারণা গবেষণাটি সম্পূর্ণ সঠিক।’
এ মাসের শুরুতে ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণার ফলাফলে একটি অংশে বলা হয়,‘২০০৩ সালের মার্চের আগে ইরাকে প্রতি বছর মৃত্যু হার ছিল প্রতি হাজারে ৫.৫। কিন্তু ওই সময় যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করলে পরে তা বেড়ে দাঁড়ায় প্রতি হাজারে ১৩.২।
ইন্ট্রিলিগাটরের মতে গবেষণাটির সবচেয়ে উল্লেখযোগ্য অংশই এটি।
ওই গবেষণায় ‘ক্লাস্টার নমুনায়ন’ নামে একটি পদ্ধতি ব্যবহার করে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত ইরাকিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়।
তবে জর্জ বুশসহ অন্যান্য সমালোচকরা এ ফলাফলকে বিশ্বাসযোগ্য নয় বলে উল্লেখ করেন।
ওই গবেষণায় ইরাকে মৃত্যুর হার বাড়ার কারণ হিসেবে সহিংসতা ছাড়াও জনস্বাস্থ্যের প্রতি হুমকি এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার বিষয়কেও দায়ি করেন ইরাকের ডা. দালিহা ওয়াসি।
এদিকে লস এঞ্জেলেসের চ্যাপ্টার অব ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপন্সিবিলিটির নির্বাহী পরিচালক জনাথন পারফ্রে বলেন, ইরাক যুদ্ধে সাধারণ জনগণের ক্ষতির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
বোস্টনের টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মহামারী রোগ বিশেষজ্ঞ ড. ডেভিড রাশ বলেন, রাশ আরও বলেন,‘২৫ বছরেরও বেশি সময় ধরে ক্লাস্টার নমুনায়ন পদ্ধতি প্রায়ই ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিটি জরুরি পরিস্থিতিতে ত্রাণ সংস্থাগুলোই মূলত বেশি ব্যবহার করে থাকে।’
তিনি আরও বলেন,‘যুদ্ধের সময় লাশ গণে বেসামরিক লোকজনের মৃত্যু হার বের করার যে প্রথাগত পদ্ধতি রয়েছে তা কখনই ঠিক হয় না।
বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও বাগদাদের আল মুসতানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও বলেছেন, যুদ্ধ ও এর প্রভাবে চার লাখ ২৬ হাজার থেকে সাত লাখ ৯৪ হাজার ইরাকির মারা যাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ।
তবে অন্য একটি হিসেবে অনুযায়ী ইরাকিদের মধ্যে বাড়তি মৃত্যুর হার আরও কম হতে পারে। ইরাক বডি কাউন্ট ডাটাবেসের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের আক্রমণের পর থেকে ৪৩,৮৫০ থেকে ৪৮,৬৯৩ জন ইরাকী মারা গেছেন।
লস এঞ্জেলেসে ইরাক যুদ্ধের চিকিৎসাবিজ্ঞানগত প্রভাব সম্পর্কিত এক আলোচনা সভায় রাশ বলেন, নমুনার পরিমাণ ছোট (১,৮৪৯ টি বাড়ি) হলেও তা গবেষণার ফলাফলকে পরিবর্তন করে না। তবে তা গবেষকের আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দেয়।
এছাড়া ‘ক্লাস্টার নমুনায়নের’ ক্ষেত্রে প্রশ্নপত্রের ধরনের কারণে মৃত্যুর সংখ্যা বরং কম ধরা হতে পারে, কোনভাবেই তা বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।
