২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিন জেলের সামনে নব্য--নাজিবাদীদের প্রতিবাদ সমাবেশ

একজন জার্মান রক গায়কের কারাদণ্ডের প্রতিবাদে শনিবার বার্লিন জেলের সামনে প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি করেছে কয়েকশ নব্য-নাজিবাদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 02:36 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নাজিবাদের প্রতি সহানুভূতিশীল অন্তত সাড়ে সাতশ চরম ডানপন্থী প্রায় অখ্যাত এক রক গায়ক মাইকেল রেগেনারের শাস্তি মওকুফের দাবিতে ওই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে।

লুনিকফ নামে বেশি পরিচিত এই শিল্পী একটি নিষিদ্ধ ঘোষিত ব্যান্ড দলের সদস্য। ২০০৩ সালের ডিসেম্বরে তার ব্যান্ড দল ‘ল্যান্ডসার’ এর বিরুদ্ধে বর্ণ বৈষম্য ছড়ানোর অভিযোগ এনে জার্মানির একটি আদালত একে একটি অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে। এছাড়া রেগেনারের বিরুদ্ধে তিন বছর চার মাসের কারাদণ্ড দেয়। আইনী প্রক্রিয়ায় হেরে গিয়ে অবশেষে ২০০৫ সালে কারাবরণ করেন তিনি।

বিক্ষোভকারীরা উত্তর--পশ্চিম বার্লিনের তেগেল কারাগারের সামনে বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে র‌্যালি করে। এরকম একটি পোস্টারে লেখা ছিল, ‘লুনিকফের জন্য স্বাধীনতা’।

এদিকে শনিবার জার্মানির একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে নব্য--নাজিবাদীদের প্রতিবাদ সমাবেশ প্রসঙ্গে জার্মানির ইসরায়েলি রাষ্ট্রদূত শিমন স্টেইন বলেন, ‘এরকম প্রতিবাদ সমাবেশের পর ইহুদিদের জার্মানিতে এখন আর নিরাপদ বোধ না করাটাই স্বাভাবিক। তাছাড়া এখন থেকে ইহুদিরা তাদের নিজস্ব জীবন যাপনে আর আগের মতো স্বাচ্ছন্দ্যও বোধ করবেন না।’

জার্মান পুলিশ বলছে, এ সময় ফ্যাসিবাদবিরোধীরা ‘নাজিরা চলে যাও’ স্লোগান দিয়ে ওই সমাবেশে হাজির হলেও পুলিশ তাদের পরে সরিয়ে দেয়। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।