কোরাস গ্র“প কিনছে টাটা স্টিল
ভারতের টাটা স্টিল লিমিটেড ৪৩০ কোটি পাউন্ডের (আট কোটি চার লাখ ডলার) বিনিময়ে অ্যাংলো--ডাচ স্টিল কোম্পানি কোরাস গ্র“পকে কিনে নিতে রাজি হয়েছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে টাটা এ কথা জানায়।
এই চুক্তির ফলে টাটা ও কোরাস একত্রে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টিল কোম্পানিতে পরিণত হচ্ছে। ভারতের কোন প্রতিষ্ঠানের বিদেশি প্রতিষ্ঠান কেনার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চুক্তি। এ বছরই আরেক স্টিল নির্মাতা প্রতিষ্ঠান ব্রিটেনের মিত্তাল স্টিল তার ফরাসী প্রতিপক্ষ আর্সেলরকে কিনে নেয় ৩১০০ কোটি ডলারে।
ওই বিষয়টির সাথে সম্পৃক্ত সূত্রগুলো জানায়, কোরাসের পরিচালনা পরিষদ গোপনে টাটার এই প্রস্তাবে সাড়া দেয়। দরদাম ঠিক করতে টাটাকে নিজেদের আর্থিক পরিস্থিতি সংক্রান্ত কাগজপত্র দেখারও অনুমতি দেন তারা।
টাটা এক বিবৃতিতে জানায়, তারা কোরাসের কর্মীদের পেনশন দিতে রাজি আছে। তারা জানায়, কোরাসের পেনশন প্রদান খাতে ১২ কোটি ৬০ লাখ পাউন্ড জমা দেওয়া হবে।
টাটা ও কোরাসের এক যৌথ বিবৃতিতে বলা হয়, টাটা কোরাসের প্রতি শেয়ারের জন্য ৪৫৫ পেন্স দেবে। এছাড়া তারা ২০০৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরাসের সুদ, কর, অবলোপন ও ঋণ পরিশোধপূর্ব আয়ের চেয়ে পাঁচ দশমিক চার গুন বেশি দাম দিতে রাজি হয়েছে।
এ বছর বেশ কয়েকবার বিক্রির কথা উঠলেও কোরাসের শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি বাড়ে। বৃহস্পতিবার এর শেয়ারের দাম ছিল চারশ আটাত্তর দশমিক ৫০ পেন্স। এদিকে শুক্রবার টাটার শেয়ারের দামও বেড়েছে। দুপুর নাগাদ এর প্রতি শেয়ারের দাম সাড়ে তিন শতাংশ বেড়ে ৫১৯ দশমিক ৪০ রুপিতে দাঁড়ায়।
নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান কোরাস ১৯৯৯ সালে ব্রিটিশ স্টিলের সাথে একীভূত হয়। এরপর তারা গত মার্চ মাসে অ্যালুমিনিয়াম তৈরি বন্ধ করে ওই খাতের অধিকাংশ সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্লেষকরা বলছেন, এর ফলে কোরাসের টাটার সাথে একীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
