২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এরিকসন মোবাইল ফোনের ৫০ বছর

বিশ্বের সর্বপ্রথম স্বয়ংক্রিয় মোবাইল ফোন প্রযুক্তির সুবর্ণ জয়ন্তী মঙ্গলবার পালিত হয়েছে। ঘরেই বাইরেও যে টেলিফোন ব্যবহার করা যায় সুইডিশ কোম্পানি এরিকসন ১৯৫৬ সালের ১৭ অক্টোবর সর্বপ্রথম ‘এমটিএ (মোবাইল টেলিফোনি এ)’ প্রযুক্তি চালু করে সে ধারণার বাস্তব রূপ দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তবে প্রথম প্রজন্মের এসব মোবাইল ফোন বর্তমান প্রজন্মের পকেট সাইজের মোবাইল সেটের মতো ছিল না। তখন এর ওজন ছিল ৪০ কিলোগ্রামের বেশি। এতো ভারি ফোন হাতে বহন করা সম্ভব নয় বলে এগুলো গাড়ির ভেতরে স্থাপন করা হতো।

সুইডেনের স্টকহোম ও গোটেনবার্গের অভিজাত শ্রেণীভুক্ত মাত্র কয়েকশ মানুষ ছিলেন এমটিএ প্রযুক্তির ব্যবহারকারী।

মোবাইল নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রাদির সবচেয়ে বড় নির্মাতা এরিকসনকে বলা যায় মোবাইল ফোন প্রযুক্তির পূর্বসূরী ‘ডায়নোসর’। বর্তমানে বিশ্বের অন্তত আড়াইশ কোটি মোবাইল ব্যবহারকারী এই এমটিএ প্রযুক্তি ব্যবহারকারীদেরই অনুসারী।

এরিকসনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কার্ল--হেনরিক ভ্যানবার্গ এ প্রসঙ্গে বলেন, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার এক--তৃতীয়াংশ মানুষের নিত্যসঙ্গী হলো মোবাইল ফোন। এ বিষয়টি নিশ্চিত যে মোবাইল ফোন এখন মানুষের মৌলিক প্রয়োজনের অংশ।

এরিকসনের এমটিএ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রথম চুক্তিবদ্ধ হয় দেশটির তৎকালীন একমাত্র টেলিফোন কোম্পানি ‘সুইডিস টেলিকমিউনিকেশন্স এ্যাডমিনিসট্রেশন। তারা টার্মিনাল ও বেজ স্টেশনের মধ্যে ১৬০ মেগাহার্টজ ব্যাণ্ড ব্যবহার করে প্রায় ১০০ ব্যবহারকারীকে এই সুবিধা দিতে পারতো।

এরিকসনই সর্বপ্রথম ১৯৮১ সালে আধুনিক মোবাইল টেলিফোন প্রযুক্তি নিয়ে আসে যেটি নরডিক মোবাইল টেলিফোনি (এনএমটি) নামে পরিচিত ছিল। বিশ্বব্যাপী প্রচলিত জিএসএম (গ্লোবাল সার্ভিসেস ফর মোবাইল টেলিকমিউনিকেশন) প্রযুক্তিকে ইউরোপের দেশগুলোতে এরিকসনই সর্বপ্রথম ছড়িয়ে দেয়। পরে এটি এ খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তির মর্যাদা পায়।

মোবাইলে ফোনে ব্রডব্যান্ড ব্যবহারের সুযোগ দিতে ২০০১ সালে এরিকসন থ্রিজি মোবাইল প্রযুক্তি প্রবর্তন করে। প্রতি সেকেণ্ডে তিন দশমিক ছয় মেগাবাইট ডাটা স্থানান্তরে সক্ষম এই প্রযুক্তি ছিল তৎকালীন ব্যবহৃত জিএসএম প্রযুক্তির মধ্যে সবচেয়ে উন্নত।