২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনেই থাকছে তারকাদের সঙ্গে নিজেদের জুড়ে দেওয়ার প্রযুক্তি

ভোক্তাদের আকর্ষণ করতে বাজারে নিত্যনতুন পণ্য হাজির করছে মোবাইল ফোন কোম্পানিগুলো। কে কার আগে কত আকর্ষণীয় সুবিধা নিয়ে বাজারে আসবে তা নিয়ে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। আর এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সঙ্গীত জগৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিকা ফারজানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বিশ্বের অন্যতম মিউজিক রেকর্ড কোম্পানি ওয়ার্নার মিউজিক গ্র“প (ডাবলিউএমজি) সম্প্রতি মুভি নামের সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মুভির অনলাইন সার্ভিস ব্যবহার করে এখন থেকে ব্যবহারকারীরা ব্যক্তিগত ছবি ও নিজেদের মোবাইল ফোন থেকে হোম ভিডিও ইন্টারনেটে আপলোড করতে পারবেন। শুধু তাই নয়, ওয়ার্নারের শিল্পীদের সাথে তারা নিজেদের পাঠানো ছবি ও হোম ভিডিও ইচ্ছেমতো জুড়ে দিতে পারবেন।

মুভিস নামে মিউজিক ভিডিওর রিমিক্স তৈরি করতে শিল্পীদের বিশেষ ধরনের স্টাইল গড়ে তুলতে ওয়ার্নারের সাথে কাজ করে এমন বিখ্যাত সব শিল্পীদের তালিকা ব্যবহার করতে পারবে মুভি।

মুভি বলছে, ব্যবহারকারীরা কেবল তাদের নিজেদের ছবি ও ভিডিও ক্লিপ ইন্টারনেটে আপলোড করবেন। এরপর পছন্দমতো শিল্পীর স্টাইল নির্বাচন করবেন। মুভির ব্যাক--এন্ড ওয়েব সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে ওই শিল্পীর মিউজিক ভিডিওর কিছু অংশ এবং ব্যবহারকারীর আপলোড করা ভিডিওর চুম্বক অংশ মিশ্রিত করে নতুন একটি ভিডিও ফুটেজ তৈরি করবে।

ওয়ার্নার মিউজিক হলো মুভির এই যুগান্তকারী প্রযুক্তির প্রথম ব্যবহারকারী। এর মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় শিল্পীদের সাথে সম্পূর্ণ নতুনভাবে পরিচিত হবেন এবং নিজস্ব ভিডিও তৈরির মাধ্যমে তাদের সাথে একাত্মতা বোধ করার সুযোগ পাবেন।

সিঙ্গাপুরে মঙ্গলবার থেকে শুরু হওয়া জিএসএম ওয়ার্ল্ড কংগ্রেস এশিয়ায় মূল প্রবন্ধ পাঠ সেশনে ওয়ার্নার মিউজিক গ্র“পের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলেসান্দ্রো জুবিল্লাগা এই চুক্তি স্বাক্ষরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ বছরের গোড়ার দিকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

জনপ্রিয় শিল্পী জ্যাসন মার্জের ‘গিক ইন দি পিংক’ মিউজিক ভিডিওর সাথে নিজেদের ছবি মিশ্রিত করে ভক্তরা যেন নিজস্ব ভিডিও তৈরিরর সুযোগ পান সেই লক্ষ্যে দুই কোম্পানি এই চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ডাবলিউএমজি মিউজিক প্রযুক্তির দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা কোম্পানিতে পরিণত হয়েছে বলে জুবিল্লাগা দাবি করেন। তিনি বলেন, ‘আমরা পরীক্ষা--নিরীক্ষায় ভয় পাই না। আমরা বরং এক জায়গায় স্থির হয়ে থাকতে ভয় পাই। আমরা চাই ভক্তরা যে মাধ্যমই ব্যবহার করুক না কেন তারা যেন আনন্দ পায়।

মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির দিক থেকে বিশ্বের অন্য এলাকার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে এশিয়া। এক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, দেশটির মোবাইল ফোন ব্যবহারকারীরা পুরনো পদ্ধতিতে গান শোনার চেয়ে বরং মোবাইল ফোনে গান শুনতে বেশি পছন্দ করেন।  

এ নিয়ে ইতোমধ্যে চীনের ইউনিকম, জাপানের কেডিডিআই ও দক্ষিণ কোনিয়ার এসকে টেলিকমের সাথে ওয়ার্নার চুক্তি রয়েছে।