উ. কোরিয়ায় জাতিসংঘের শাস্তি কার্যকর হতে পারে শনিবার থেকেই
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শনিবার থেকেই উত্তর কোরিয়ার ওপর সামরিক ও অর্থনৈতিক বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।
তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের ওপর রাশিয়া ও চীন কিছু সংশোধনী দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে ভোট গ্রহণ কয়েক ঘন্টার জন্য পিছিয়ে যেতে পারে।
কিন্তু জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জন বোলটন শনিবার থেকে শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে প্রস্তাব চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
বোলটন শুক্রবার জাতিসংঘে বলেন, পারমানবিক অস্ত্র সম্পর্কিত মস্কোর সংশোধনীগুলো নিরাপত্তা পরিষদের সদস্যরা বিবেচনা করে দেখছেন।
তবে তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চীন ও রাশিয়ার আপত্তি থাকলেও প্রস্তাবটিতে জাতিসংঘ চার্টার এর সপ্তম অধ্যায় অনুযায়ী সামরিক শক্তির বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়নি। এমনকি এ প্রস্তাবে সেনাবাহিনীকে কোন প্রকার হুমকিও দেওয়া হয়নি। কিন্তু তারপরও চীন নিশ্চিত করতে চাচ্ছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনরকম সামরিক শক্তি প্রয়োগ করা হবে না।
খসড়া এ প্রস্তাবের একটি অংশে বলা হয়েছে, ব্যাপক বিধ্বংসী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরিবহন বা উৎপাদন এবং অন্য দেশ থেকে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্যের বিক্রি নিষিদ্ধ করা হবে। সেইসাথে এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যেসব কার্গো উত্তর কোরিয়ায় আসা--যাওয়া করবে সেগুলো কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবে। পাশাপাশি পিয়ংইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে যুক্ত ব্যক্তি বা ব্যবসার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ওয়াং গুয়ানগিয়া শুক্রবার বিতর্কিত এ ব্যাপারটিতেই আপত্তি করেন।
অন্যদিকে চীন খসড়া প্রস্তাবের এ বিষয়টিকে সহজ করার মত দিলেও রাশিয়া অন্যান্য অংশের সমালোচনা করে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার ব্যাপক বিধ্বংসী অস্ত্র কর্মসূচির সাথে যুক্ত কোন ব্যক্তি বা তার পরিবারের সদস্যদের নাম যদি নিরাপত্তা পরিষদে উল্লেখ করা হয় তবে তাদের নিজের দেশ ছেড়ে অন্য কোথাও ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
