ভারতে শিশুশ্রম নিষিদ্ধ হলো
শিশুশ্রম নিষিদ্ধ করে ভারতে একটি নতুন আইন জারি করেছে সেদেশের সরকার। মঙ্গলবার থেকে এই আইন কার্যকর হয়েছে।
এই আইনের আওতায় এখন থেকে ১৪ বছরের নিচে কোনো শিশুকে গৃহপরিচারক হিসেবে বা খাবারের দোকানে বা অন্য কোনো কাজে নিযুক্ত করা যাবে না।
চায়ের দোকান, রেস্টুরেন্ট, হোটেল ও অবকাশ যাপনকেন্দ্রগুলোতে এখন থেকে শিশুশ্রম নিষিদ্ধ হবে। এসব স্থানে কোনো শিশুকে কাজে নিয়োজিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।
এই আইন অমান্যকারীদের চাইল্ড লেবার প্রহিবিশন এন্ড রেগুলেশন অ্যাক্ট ১৯৮৬ আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। এই আইনে শাস্তি হিসেবে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং/অথবা ১০ থেকে ২০ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেদেশে শিশুশ্রম নিষিদ্ধ করার লক্ষ্যে সরকারের সব ধরনের উদ্যোগ ও গৃহীত পদক্ষেপের সাথে এগিয়ে আসতে জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি এই লক্ষ্যে কর্মী হিসেবে শিশুদের নিয়োগ না দিয়ে বরং তাদের স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতে সবার প্রতি আহ্বান জানান।
অধিকাংশই খাবার দোকান ও অবকাশ যাপনকেন্দ্রগুলোতে কাজ করে ভারতে বর্তমানে এমন শিশু শ্রমিকের সংখা এক কোটি ২৬ লাখ।
প্রধানমন্ত্রী মঙ্গলবার এক বক্তব্যে বলেন, ‘সবাই যদি গৃহ ও অন্যান্য কাজে শিশু শ্রমিক নিয়োগ না করে তাদের স্কুলে যেতে উৎসাহ দেয় তবে সেটাই হবে শিশু শ্রম বন্ধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।’
সরকারি কর্মকর্তারা জানান, এই নিষেধাজ্ঞা বাসা--বাড়ি ও রাস্তার পাশে খাবার দোকানগুলোতে কর্মরত দুই লাখ ৫৫ হাজার শিশুর জন্য প্রযোজ্য হবে। তবে বেসরকারি সংস্থার কর্মীরা জানিয়েছেন এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে।
সরকারের শিশু শ্রম বন্ধ সংক্রান্ত নিষেধাজ্ঞার সাথে অবশ্য একমত হতে পারেননি শিশু অধিকার সংস্থাগুলোর কর্মীরা।
তারা বলছেন, সরকারের এই উদ্যোগের ফলে বিভিন্ন্ কারখানায় শিশু শ্রম বন্ধ হলেও আতশবাজি ও দেয়াশলাই বানানো, কার্পেট বুনন, এমব্রয়ডারি ও ফুটবল সেলাইয়ের মতো বিভিন্ন পেশায় নিয়োজিত হাজার হাজার শিশুর ভাগ্য অপরিবর্তিতই থেকে যাবে।
