২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরীহ ইরাকী হত্যার দায়ে মার্কিন নৌ বাহিনীর পেটি অফিসারের ১০ বছর জেল

নিরীহ এক ইরাকী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে মার্কিন নৌ বাহিনীর পেটি অফিসার মেলসন জে ব্যাকোসকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

কিন্তু হাশিম আওয়াদ হত্যাকান্ডের সাথে জড়িত আরও সাত নৌ সেনার বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে রাজি হওয়ায় ব্যাকোসের শাস্তির মেয়াদ কমিয়ে এক বছর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এপ্রিল মাসে হাশিম আওয়াদকে (৫২) হত্যা করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর আগে ব্যাকোস সামরিক আদালতে জানান, ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর হামদানিয়া থেকে নৌ সেনারা হাশিমকে ধরে নিয়ে আসে। এরপর একটি গর্তে ফেলে তার মাথায় ১০ বার গুলি করা হয় ।

ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডলটন সামরিক আদালতে ব্যাকোস অপহরণ, অপহরণের ষড়যন্ত্র এবং মিথ্যা বিবৃতি পেশের ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। সামরিক আদালতের বিচারক কর্ণেল স্টিভেন ফোলসোম ব্যাকোসকে ১০ বছরের কারাদন্ড দেন। কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ায় ব্যাকোসের সাজার মেয়াদ কমানো হয়। ফলে তাকে এক বছর জেল খাটতে হতে পারে।

আদালতে ব্যাকোস বলেন, যে মেরিন স্কোয়াডটি সালেহ আওয়াদকে (যাকে তিনবার গ্রেফতার করা হলেও পরে মুক্তি দেওয়া হয়) খুঁজছিল সেই স্কোয়াডে তিনিও ছিলেন। কিন্তু সালেহ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে না পেরে নৌ সেনারা ক্ষিপ্ত হয়ে উঠেন। পাশের বাড়ি থেকে ধরে আনেন হাশিমকে। বাকোস আরও বলেন, তিনি বুঝতে পারছিলেন তারা ভুল করছেন। কিন্তু নৌ সেনারা তার কথা শোনেননি।

ব্যাকোস বলেন, এরপর হাশিমকে একটি গর্তে ফেলে সার্জেন্ট লরেন্স হাচিন তার মাথায় তিনটি গুলি করেন। কর্পোরাল ট্রেন্ট টমাস গুলি করেন কমপক্ষে সাত রাউন্ড । এরপর লাশের পাশে একটি একে ৪৭ রাইফেল, গুলি এবং একটি বেলচা রাখা হয়, যাতে মনে হয় হাশিম রাস্তার পাশে বোমা পেতে রাখছিলেন।

এ সময় কেন তিনি সে স্থান ছেড়ে চলে যাননি---এ প্রশ্নের জবাবে ব্যাকোস বলেন, তিনি দলের সাথে যুক্ত এবং দলের অনুগত থাকতে চেয়েছিলেন।

বাকি সাত নৌ সেনা অপহরণ এবং হত্যার দায়ে সামরিক আদালতে চলমান বিচার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন। তবে দুই নৌ সেনা জন জোডকা ও মার্শাল মাগিনকালদা হত্যাকান্ডের সাথে জড়িত নন বলে আবেদন করেছেন।