২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের আরও সুযোগ--সুবিধা দেওয়ার ঘোষণা ব্লেয়ারের

আফগানিস্তানে নিয়োজিত ব্রিটিশ সেনাবাহিনীকে আরও কর্মক্ষম ও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তাদের সব ধরনের সুযোগ--সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আফগানিস্তানে যৌথবাহিনীর অভিযানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।

তিনি বলেন আফগানিস্তানে মোতায়েনকৃত ব্রিটিশ সেনাবাহিনীকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে এবং তাদের সুরক্ষার জন্য সব ধরনের সাহায্য ও সমর্থন দেওয়া হবে।

এছাড়া, আফগানিস্তানের ব্রিটিশ সেনাদের জন্য আধুনিক যুদ্ধাস্ত্রসহ বেশকিছু সাঁজোয়া যান ও হেলিকপ্টার সরবরাহ করা হবে।

তালেবান গেরিলাদের মোকাবেলায় ব্রিটিশ সেনাদের ‘খুব কঠিন’ যুদ্ধ পরিচালনা করতে হয়েছে এ মন্তব্য করে তিনি তাদের সাহস ও দৃঢ় মনোবলের প্রশংসা করেছেন।

২০০১ সালের সেপ্টেম্বরে নিযুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৪০ জন বৃটিশ সেনা নিহত হয়েছে।

বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেই আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেন ব্লেয়ার।

তিনি বলেন, ‘আমরা যদি আফগানিস্তানকে সন্ত্রাসবাদ চর্চা ও প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হতে দেই তাহলে তা আমাদের নিরাপত্তাকেই হুমকিগ্রস্ত করবে। তখন যুক্তরাজ্যের পথে--ঘাটে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে এবং সাধারণ নাগরিকের জীবন-যাপন বিপন্ন্ হবে’।

তিনি জানান, আফগানিস্তানে সেনাবাহিনীর জন্য ঠিক কি ধরনের সুযোগ--সুবিধা দেওয়া হবে তা ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ জানাবে ব্রিটিশ সরকার।

উল্লেখ্য, বেশিরভাগ ব্রিটিশ সেনার অবস্থান আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে। সেখানে প্রায় সাড়ে চার হাজার ব্রিটিশ সেনা রয়েছে। ব্লেয়ার ওই এলাকার পরিস্থিতিকে ‘খুব, খুব কঠিন’ বলে আখ্যায়িত করেন। 

এ বছর বেশ কয়েকবার হেলমান্দ প্রদেশে তালেবান গেরিলাদের সাথে ব্রিটিশ সেনাবাহিনীকে শক্ত লড়াই করতে হয়েছে। টনি ব্লেয়ার এসব অভিযানে বৃটিশ সেনাবাহিনীর সাহস ও নিষ্ঠাকে ‘সত্যিকারের বীরোচিত’ বলে প্রশংসা করেন।