২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যুতে আলোচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দ লন্ডনে

ইরানের পরমানু কর্মসূচি মোকাবেলার বিষয়ে আলোচনার জন্য বিশ্বের পরাশক্তি ৬ টি দেশের মন্ত্রীদের শুক্রবার লন্ডনে মিলিত হওয়ার কথা রয়েছে। ব্রিটেনের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তবে রাশিয়া ও চীন এই প্রস্তাব প্রত্যাখান করেছে এবং কিছু ইউরোপীয় দেশও বলছে, কূটনৈতিক তৎপরতাকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন।

এদিকে ইরান বৃহস্পতিবার আবারো পশ্চিমাদের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে। কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলে পুনরায় জানিয়েছে। তেহরান বলছে, এই কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু তারা পারমানবিক বোমা তৈরী করতে চায় বলে পশ্চিমাদের সন্দেহ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী মার্গারেট বেকেট এবং চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার প্রতিনিধিরা ব্রিটেনের রাজধানী লন্ডনে স্থানীয় সময় বিকাল পাঁচটায় (১৬০০জিএমটি) মন্ত্রী পর্যায়ে আলোচনার জন্য মিলিত হবেন।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই বৈঠকের বিষয়বস্তু হলো ‘ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা’।

এদিকে ইরান ইস্যুতে অচলাবস্থা নিরসনের সর্বোত্তম পন্থার বিষয়ে বিশ্বের পরাশক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে।

ইসলামী প্রজাতান্ত্রিক দেশটির সাথে দীর্ঘ মেয়াদী আলোচনায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে কোন সমাধান না হওয়ায় ওয়াশিংটন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তবে চীন ও রাশিয়া এ ধরণের পদক্ষেপের বিরোধী।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জ্যাভিয়ার সোলানা বৃহস্পতিবার বলেছেন, তেহরানের সাথে আলোচনার দরজা বর্তমানে খোলা রাখা উচিত।

জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত ইমির জোনস প্যারি নিউইয়ার্কে বলেন, নিরাপত্তা পরিষদে অসামরিক নিষেধাজ্ঞা আরোপসহ ইরান ইস্যুটি আগামী সপ্তাহে আলোচনা হতে পারে বলে তিনি আশা করছেন।

এছাড়া ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য স্বার্থ জড়িত থাকায় অনেক ইউরোপীয় দেশ দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নীরব রয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, পরমানু কর্মসূচি বন্ধের জন্য আর্ন্তজাতিক চাপ তার দেশ প্রতিহত করবে।