২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে শান্তি ও সংযমের পথ বেছে নিতে চীনের আহ্বান

উত্তর কোরিয়া আবারও পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দেওয়ার পর দেশটিকে শান্তি ও আলোচনার পথ বেছে নিতে অনুরোধ জানিয়েছে চীন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে উত্তর কোরিয়া পুনরায় পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণা দিলে চীন তার প্রতিক্রিয়ায় একথা জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আশা করবো পরমাণু ইস্যুতে শান্তি ও সংযমের পথই বেছে নেবে উত্তর কোরিয়া।”

উত্তর কোরিয়া অবশ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ ও অন্যান্য চাপের মুখে তারা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণাকে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

জাপান বলেছে এ ধরনের ঘোষণা আপত্তিকর ও অগ্রহণযোগ্য।

উত্তর কোরিয়ার পরমাণু সংক্রান্ত ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে উত্তর কোরিয়ার সাথে পরমাণু সংক্রান্ত এই বিরোধ ছয় জাতি বৈঠকের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা উচিত বলে জানিয়েছে দেশটির ঘণিষ্ঠ মিত্র চীন।

উত্তর কোরিয়া তার দাবী পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের শান্তি আলোচনায় বসা হবে না-- একথা জানিয়ে দিলে পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখা সংক্রান্ত বিষয়টিতে একটি সমঝোতায় পৌঁছাতে প্রায় এক বছর ধরে চলা ছয় জাতি আলোচনা অনেকটা অকার্যকর হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নিলেই কেবল আলোচনার টেবিলে ফিরে আসা সম্ভব বলে জানিয়ে দেয় দেশটি।

গত জুলাইয়ে বেশ কয়েকটি পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তীব্র ক্ষোভের মুখে পড়ে উত্তর কোরিয়া।

এতো কিছুর পরও উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধ সংক্রান্ত বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সম্প্রতি চালানো ব্যাপক কূটনৈতিক তৎপরতা বেশ আশাপ্রদ বলে মনে করছেন অনেকে।

উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে সমঝোতায় পৌঁছাতে চীন আলোচনার টেবিলকে গুরুত্ব দিলেও যুক্তরাষ্ট্র ও জাপান সবসময় শাস্তিমূলক ও পেশীশক্তি প্রদর্শনের পথ বেছে নিতে চেয়েছে।