ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন লুলা ডি সিলভা
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয়ের থেকে সামান্য পিছিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন লুইস ইনাসিও লুলা ডি সিলভা। আগামী ২৯ অক্টোবর নির্বাচনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রথম রাউন্ডে লুলার প্রয়োজন ছিল ৫০ শতাংশ ভোট। কিন্তু কাঙ্খিত লক্ষ্য থেকে তিনি মাত্র এক শতাংশ ভোট কম পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর গভর্নর জেরাল্ডো আল্কমিন ৪১.৪ শতাংশ ভোট পেয়ে নিকটতম অবস্থানে রয়েছেন।
লুলার দল নির্বাচনী প্রচারণায় আপত্তিকর কৌশলের আশ্রয় নিচ্ছে-- নির্বাচনী প্রচারণার শেষভাগে এসে এই অভিযোগ তুলে আল্কমিন ভোট টানতে সক্ষম হন।
প্রথম রাউন্ডের ফলাফলে নিজের দৃঢ় অবস্থানে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তার সমর্থকদের ধন্যবাদ জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘দ্বিতীয় রাউন্ডেও আমি বিজয়ী হবো বলে আশা করছি’।
চার বছর আগে লুলা ডি সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। দেশটির গত ৫০ বছরের ইতিহাসে লুলাই প্রথম বামপন্থী প্রেসিডেন্ট।
নির্বাচনে জয়লাভের পেছনে তার কিছু নির্বাচনী প্রচারণা বেশ কাজে দিয়েছিল। পরবর্তীতে দারিদ্র্য দূরীকরণে ব্রাজিলের দরিদ্র জনগণের নিুতম মজুরী বৃদ্ধিসহ লুলার গৃহিত নীতি ও পদক্ষেপ কিছুটা কার্যকর হলেও তার সমালোচকরা অবশ্য ভিন্নমত প্রকাশ করছেন।
তার সংস্কার কর্মসূচিতে ব্রাজিলের অবকাঠামোগত উন্নয়ন, যা দারিদ্র্য দূর করার প্রধান উপায় সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি বলে অনেকের অভিযোগ রয়েছে।
এছাড়া, গত বছর সরকারি আইনপ্রণেতাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ আল্কমিনের জনপ্রিয়তা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
ব্যবসায়ী ও মধ্যবিত্ত শ্রেণীতেই আল্কমিনের জনপ্রিয়তা বেশি বলে জানা গেছে।
