বিমান যাত্রীদের তথ্য আদান--প্রদান নিয়ে আটলান্টিকের দুপারে মতানৈক্য
বিমান যাত্রীদের সম্পর্কে তথ্য আদান--প্রদান নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি। ইইউর কর্মকর্তারা শনিবার এ কথা জানান। শনিবার ছিল এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর শেষ দিন।
তবে এ কারণে আটলান্টিকের উভয় পারে বিমান চলাচল ব্যাহত হবে না বলে জানিয়েছেন উভয় পক্ষের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ওপর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকেই বিমান যাত্রীদের সম্পর্কে ইউরোপিয়দের কাছ থেকে মার্কিন কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতো। কিন্তু ইউরোপের সর্বোচ্চ আদালত এক রায়ে এই চুক্তিকে অবৈধ বলে রায় দেয়। এরপর উভয় পক্ষ নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
কেন এই আলোচনা ফলপ্রসূ হয়নি তা নিয়ে কোন পক্ষই বিস্তারিত জানাতে রাজি হয়নি। তবে তারা আশ্বাস দিয়েছেন এ জন্য আটলান্টিকের উভয় পারে বিমান চলাচলে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, এ সমস্যার দ্রুত সমাধান না হলে অনেক ইউরোপিয় বিমান সংস্থাকে একটি আইনী শুন্যতার মধ্যে কাজ করতে হতে পারে।
