নাইজেরিয়ায় বাধ ধসে নিহত ৪০
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রবল বন্যায় একটি বাধ ধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
জামফারা রাজ্যের রাজধানী গুসাওয়ের কাছে বাধটি ধসে পড়লে পানির তোড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেসে যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জামফারা রাজ্যের গভর্নর বার্তাসংস্থাকে জানিয়েছেন, প্রবল বর্ষণের ফলে পানির উচ্চতা বিপদজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। আর এই অতিরিক্ত পানির চাপেই বাধটি ধসে পড়ে।
কর্তৃপক্ষ পানি অপসারণের জন্য বাধের ফ্লাডগেটগুলো খুলে দিতে পারেনি বলে নাইজেরীয় গণমাধ্যম জানিয়েছে।
রাজ্যের গভর্নর আহমেদ ইয়ারিমা ত্রাণসহযোগিতা প্রদানের জন্য নাইজেরীয় কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকার গৃহহীন লোকজনের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
পরিস্থিতির বর্ণনা দিয়ে আহমেদ ইয়ারিমা বলেন, সুনামির মতোই প্রবল তোড়ে পানি ছুটে আসে। ভেসে যায় পুরো এলাকা ।
গুসাওয়ে পানি সরবরাহের জন্য ওই বাধটিই ছিল প্রধান উৎস।
