মুসলিম দেশগুলো ডেনিশ পণ্য বয়কট করছে
ডেনমার্কের পত্রিকায় হযরত মুহাম্মদ (স:) এর কার্টুন ছাপানোর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ ডেনিশ পণ্য বর্জন করছে।
ইউরোপের দ্বিতীয় প্রধান দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বলেছে, তাদের বিক্রি একেবারে কমে গেছে।
আরলার মুখপাত্র লউস ওনারি বলেন, মুসলিম দেশগুলোতে ডেনিশ পণ্য বয়কটের বিষয়টি রীতিমতো দাবানলের মতোই সম্প্রসারিত হচ্ছে এবং কোথাও কোথাও তা শতভাগে উন্নীত হচ্ছে।
হযরত মুহাম্মদ (স:) এর কার্টুন ছাপানোর বিষয়ে গত এক সপ্তাহ ধরে ক্ষমা প্রার্থনা করতে অস্বীকার করলেও সোমবার ক্ষমা চাইলেন ডেনিশ পত্রিকা ‘জিল্যান্ডস-পোস্টান’ এর কর্তৃপক্ষ।
পত্রিকার প্রধান সম্পাদক বলেন, আমরা যে ১২ টি কার্টুন ছেপেছি তা কাউকে আঘাত করার জন্য নয়। আর কার্টুন ছাপানো ডেনিশ আইনের পরিপন্থী নয়। তবে কার্টুনগুলো অনেক মুসলিম ধর্মীয় চেতনায় আঘাত করেছে বলে আমরা ক্ষমা চাইছি।
এদিকে অনেকগুলো আরব দেশ ডেনমার্ক থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে। ডেনমার্কের সরকার আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বিষয়ে আলোচনা করতে এবং এ বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেছে।
ডেনমার্কের সরকার আরব দেশগুলোতে তার দেশের নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন সর্তকতার সাথে চলাফেরা করে।
