আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা জাওয়ারি’র নতুন ভিডিও টেপ প্রচার
আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আমান আল-জাওয়াহিরি সোমবার আল জাজিরায় প্রচারিত নতুন এক ভিডিও টেপে বলেছেন, পাকিস্তানে তাকে উদ্দেশ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা পরিচালনা করেছিলো, তা থেকে তিনি পালিয়ে বেঁচেছেন।
তিনি বুশকে হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে আবারো হামলা করা হবে। যুক্তরাষ্ট্র নতুন এই ভিডিও টেপটি পরীক্ষা করে দেখছে।
পাকিস্তানের বাজাউর অঞ্চলে ডামাডোলা গ্রামের এক বাড়িতে আল কায়েদার ডেপুটি প্রধান আছেন সন্দেহে ১৩ জানুয়ারি মার্কিন বাহিনী এক বিমান হামলা পরিচালনা করে, যাতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে।
ওই ঘটনার পর পাকিস্তান জুড়ে যুক্তরাষ্ট্র বিরোধী ব্যাপক বিক্ষোপ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকারও তার ভূখন্ডে বিনা অনুমতিতে মার্কিন বাহিনীর বিমান হামলাকে ভাষায় নিন্দা করে।
জাওয়াহিরিকে হত্যাই সেই বিমান হামলা করার মূল উদ্দেশ্য হলেও তিনি পালিয়ে বেঁচে যান।
ইসলামাবাদ ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও মার্কিন সরকার বলেছিলো তারা প্রয়োজনে আরো হামলা করবে।
আল কায়েদা নেতা প্রচারিত ভিডিও টেপে বলেছেন, যুক্তরাষ্ট্র ডামাডোলা গ্রামের মানুষদের বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে। তিনি বলেন, তারা বলছে আমাকে ও আমার চার ভাইকে হত্যার উদ্দেশ্যে ওই বিমান হামলা করা হয়েছে। কিন্তু বিশ্ব দেখেছে তারা কত বড় মিথ্যা কথা বলেছে।
জাওয়াহিরি বলেন, এই হামলা পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের যোগসাজসে করা হয়েছে।
তবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডেভোসে অনুষ্ঠিত বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে প্রেসিডেন্ট মোশাররফ বলেছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ওই বিমান হামলা করার জন্য অনুমতি দেয়নি এবং মার্কিন সরকারও তাদের কিছু জানায়নি।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ওই বিমান হামলার ঘটনার পর বলেছিলো, মার্কিন বিমান হামলায় কয়েকজন আল কাযেদা কর্মী সহ জাওয়ারি নিহত হয়েছে।
মিশরীয় বংশোদ্ভুত জাওয়ারি ও সৌদী ওসামা পাকিস্তান আফগানিস্তানের পবর্তময় অঞ্চলে লুকিয়ে আছে বলে ধারনা করা হয়।
