ফিলিস্তিনকে ভবিষ্যৎ সাহায্যের জন্য শর্তারোপ
জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়া এবং শান্তি রক্ষার ক্ষেত্রে ফিলিস্তিন সরকারের পদক্ষেপ গ্রহণের উপর ফিলিস্তিনীদের ভবিষ্যৎ সাহায্য নির্ভর করবে।
লন্ডনে অনুষ্ঠিত ইইউ’র এক বৈঠকে তিনি একথা জানান।
আনান বলেন, নতুন যেকোন সরকারকে ‘রোডম্যাপ’ শান্তি প্রক্রিয়াসহ পূর্বের শর্তসমূহ অবশ্যই মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিন সরকারের সকল সদস্যকে অবশ্যই সহিংসতা পরিহার করতে হবে, ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে, পূর্বের শর্তসমূহ মানতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে।
ইইউ’র মন্ত্রীরা অনুরূপ শর্তাবলী আরোপ করে জানান, ফিলিস্তিন সরকার শান্তি রক্ষার ক্ষেত্রে ইসরাইলকে কতখানি সাহায্য করবে তার উপর নির্ভর করছে সাহায্য-সহযোগিতা করার।
ফিলিস্তিনের সবচেয়ে বড় দাতা গোষ্ঠী হচ্ছে ইইউ’র সদস্য রাষ্ট্রসমূহ। তারা ফিলিস্তিনকে ২০০৫ সালে ৬শ’ মার্কিন ডলার অনুদান দিয়েছিলো।
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস সাহায্য-সহযোগিতা বন্ধ করে না দেয়ার জন্য দাতা গোষ্ঠীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, এ মুহূর্তে সাহায্য বন্ধ করে দিলে ফিলিস্তিন সরকার উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো স্থগিত হয়ে যাবে।
রামাল্লায় এক বৈঠকে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলের সাথে মাহমুদ আব্বাস মিলিত হওয়ার পর বলেন, ফিলিস্তিন সরকার যেভাবে কাজ করে যাচ্ছিলো সেভাবেই কাজ করে যাবে।
নির্বাচনে ফিলিস্তিনি ইসলামী জঙ্গি গ্রুপ হামাস জয়লাভ করায় তারা সাহায্য পাওয়ার ব্যাপারে সন্দিহান রয়েছে।
হামাসকে সাহায্য-সহযোগিতা দেয়ার জন্য যেসব শর্তাবলী আরোপ করা হয়েছে, তা তারা ইতোমধ্যে বাতিল করে দিয়েছে।
