ডেনমার্কে মুহম্মদকে (সা.) অবমাননা করে কার্টুন: সৌদি রাষ্ট্রদূতকে তলব
ডেনমার্কের সর্বাধিক বিক্রিত জনপ্রিয় একটি দৈনিকে হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে কার্টুন প্রকাশ করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ সৌদি সরকার সে দেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে।
বিষয়টি নিয়ে ডেনমার্ক সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় আনুষ্ঠানিক নিন্দা জ্ঞাপন করেছে সৌদি সরকার। বর্তমানে সামগ্রিক অবস্থা পর্যালোচনার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।
কার্টুন শিল্পীসহ তাদের কর্মীদের ভয়ভীতি প্রদর্শণ করায় গত সেপ্টেম্বরে জিল্যান্ড -- পোস্টানে হযরতকে (স.) একজন সন্ত্রাসীর আদলে আঁকা হয় বলে দাবি করেছে দৈনিকটির কর্তৃপক্ষ। পত্রিকাটি মুসলিমদের আচরণের একটি দিককেই কার্টুনে ফুটিয়ে তোলা হয়েছে বলে মত দিয়েছে।
সে সময়ে বেশ কটি মুসলিম দেশের রাষ্ট্রদূত ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যান্ডার ফগ রাজমুজিনকে অভিযোগ জানালে পত্রিকা পর্যবেক্ষণ তার কাজ নয় বলে উল্লেখ করে তিনি তার দায়িত্ব অস্বীকার করেন ।
এদিকে ডেনমার্কের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আরলা সৌদি আরবের বয়কটের স্বীকার হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রেডিও - টেলিভিশনে আরলা’র পণ্য বয়কটের আহ্বান জানালে স্বত:স্ফুর্তভাবে সে দেশের জনগণ আরলা’র পণ্য বয়কটের সিদ্ধান্ত নেয়।
আরলা’র পরিচালক ফিন হ্যানসেন অন্যান্য দেশেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন।
ওই কার্টুনটি প্রকাশের ঘটনায় ডেনমার্কসহ বেশ ক’টি দেশের মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।
