২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় মার্কিন বিরোধী পদযাত্রায় হাজার হাজার কিউবানের অংশগ্রহণ

কিউবার রাজধানী হাভানায় মার্কিন বিরোধী এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো মার্কিন প্রশাসনের প্রতি দোষারোপ করে বলেন যে, তারা পশ্চিম গোলার্ধের ভয়ঙ্করতম সন্ত্রাসী লুইচ পোসাডাকে মুক্তি দেবার অপচেষ্টা চালাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ক্যাস্ট্রো-বিরোধী এই চরমপন্থি লুইস পোসাডা’র বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ প্রকাশের জন্য নির্ধারিত নব্বই দিন শেষে হাভানাস্থ আমেরিকান মিশন এর কার্যালয়ের সামনে এই বিক্ষোভ পদযাত্রার আয়োজন করা হয়।

বর্তমানে লুইস পোসাডা টেক্সাসের এল পাসো শহরে মার্কিন ফেডারেল ডিটেনশান সেন্টারে ‘ইমিগ্রেশান’ সংক্রান্ত মামলায় আটক রয়েছে।

ফিদেল ক্যাস্ট্রো হাভানাস্থ মার্কিন মিশন কার্যালয়ের সামনে ইলেক্ট্রনিক বোর্ডে মানবাধিকার সংক্রান্ত বার্তা প্রচারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করে এই বিক্ষোভ যাত্রার ডাক দেন।

বর্তমানে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ‘ইউএস ইন্টারেস্টস সেকশান’ হাভানার মার্কিন মিশন কার্যালয় থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

ক্যাস্ট্রো তার বক্তৃতার পূর্বে নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্যানডিনিষ্টা দলের নেতা ড্যানিয়েল ওর্তেগাকে অভিনন্দন জানান।

কিউবা ও ভেনিজুয়েলা ১৯৭৬ সালে কিউবার একটি বিমানে বোমা হামলা ও ৯৭-৯৮ সালে হাভানায় সিরিজ বোমা বিস্ফোরণের নেপথ্য নায়ক হিসেবে কিউবায় জন্মগ্রহণকারী পোসাডা’কে অভিযুক্ত করেন।

ক্যাস্ট্রো ২০০০ সালের নভেম্বরে পানামায় একটি অধিবেশনে তাকে হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসেবেও পোসাডা ও তার সহযোগীদের অভিযুক্ত করেন।

হাজার হাজার লোক লাল, সাদা ও নীল কিউবান পতাকা দুলিয়ে সন্ত্রাসীদের নিন্দাবাদ জানিয়ে শ্লোগান দিতে থাকে “বুশ একজন ফ্যাসিস্ট, বুশ একজন ফ্যাসিস্ট”।

৭৯ বছর বয়স্ক ক্যাস্ট্রো সামরিক পোষাক পরিহিত অবস্থায় সাত ঘন্টা ধরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল অবলোকন করে মিছিলের শেষভাগে অংশগ্রহণ করেন।

ক্যাস্ট্রো তার বক্তৃতা শুরু করার সময়ই মার্কিন নিয়ন্ত্রিত ইলেক্ট্রনিক বোর্ডে ভেসে ওঠে আব্রাহাম লিঙ্কনের একটি বাণী:“একজন মানুষের মতামত অগ্রাহ্য করে অপর একজন তাকে শাসন করতে পারেনা।” ক্যাস্ট্রোর একনায়কতন্ত্রকে ইঙ্গিত করেই যেন এই বাণীটি প্রচার করা হয়।