২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের আমির ক্ষমতা ছাড়তে সম্মত

রাজপরিবারে ক্ষমতা নিয়ে যে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়েছে তা দূর করতে উপসাগরীয় রাজ্য কুয়েতের আমির শেষ পর্যন্ত তাঁর পদ ছাড়তে সম্মত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মাত্র ১৫ জানুয়ারি সিংহাসনে অধিষ্ঠিত অসুস্থ আমির শেখ সাদ আল আবদুল্লাহ আল সাবাহ্’র স্থলাভিষিক্ত হচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ।

অসুস্থতার জন্য শেখ সাদ কে অপসারণের ব্যাপারে এক নজিরবিহীন ভোটাভুটির মুখোমুখি হয়ে আমির এ সিদ্ধান্ত নেন।

তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়া হয়নি।

বার্তা সংস্থাগুলোকে সরকারি সূত্রগুলো শুধু এটুকু জানিয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ঐকমত্যে পৌঁছেছে ।

শেখ সাবাহ্ আল আহমাদ আল সাবাহ্ এবং আমিরের জ্ঞাতি ভাই এবং সমর্থকের মধ্যে বৈঠকের পর এ তথ্য সরবরাহ করে সরকারি সূত্রগুলো।

সংসদ সদস্য নাসের আল সানেহ্ সংবাদের সত্যতা স্বীকার করে বার্তাকে বলেছেন মঙ্গলবার আমির কাগজ-পত্রে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, কোন আমিরের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি সংসদ পর্যন্ত গড়ানোর এমন নজির নেই কুয়েতে।

নেতৃত্বের এমন জটিল সংকট কাটাতে সংসদের ভূমিকা কে স্বাগত জানিয়েছে কুয়েতিরা, এমন মন্তব্য করেছেন বিবিসির উপসাগরীয় সংবাদদাতা জুলিয়া হুইলার।

তবে এখানেই এ সংকটের শেষ কি না সে ব্যাপারে নিশ্চিৎ করে কিছু বলা যাচ্ছে না। ’রাজপরিবারে নেতৃত্ব নিয়ে বিরোধের জের চলবে কতদিন সে ব্যাপারে সন্দিহান সকলেই,’এমনটিই বলছেন বিবিসি’র উপসাগরীয় সংবাদদাতা।