সুইস গার্ডের ৫০০ বছর পূর্তিতে পোপের ধন্যবাদ জ্ঞাপন
পোপ ষোড়শ বেনেডিক্ট সুইস গার্ডের ৫০০ বছর পূর্তি উৎসবে বিগত ৫০০ বছর ধরে পোপদের নিরাপত্তা প্রদানকারী সুইস গার্ডের প্রতি তার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে পোপ বেনেডিক্ট সুইস গার্ডদের উদ্দেশ্যে এই ধন্যবাদ জ্ঞাপন করেন। দর্শনার্থীরাও গার্ডদের এই ঐতিহ্যবাহী হলুদ, নীল ও লাল পোষাকের গার্ডদের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঐতিহ্যবাহী এই পোষাকের নকশা করেছিলেন রেনেসাঁস সময়ের বিখ্যাত ভাস্কর ও শিল্পী মাইকেল এঞ্জেলো।
পোপ তার বক্তৃতায় বলেন আজ থেকে ঠিক ৫০০ বছর আগে ১৫০৬ সালের ২২ জানুয়ারি তৎকালীন পোপ দ্বিতীয় জুলিয়াস সুইস গার্ডের প্রথম দলটিকে আশির্বাদ করে ভ্যাটিকান সিটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সুইজারল্যান্ড থেকে সুইস গার্ডের প্রথম এই দলটি রোমে এসেছিল পোপ এবং ভাটিকান সিটিকে রক্ষা করতে।
অনুষ্ঠানে সুইস গার্ডের প্রধান জানান ৫০০ বছর আগে খ্রীষ্ট ধর্মের প্রতি অবিচল আস্থা নিয়ে তরুণ সুইস গার্ডেরা আল্পস্ পর্বতমালা অতিক্রম করে বিপুল উদ্যম নিয়ে এখানে এসেছিল যীশু খ্রীষ্টের প্রতিনিধি পোপকে রক্ষা করতে।
এপর্যন্ত মোট ৪২ জন পোপের নিরাপত্তা বিধান করেছে সুইস গার্ড। বর্তমানে ১১০ জন সুইস গার্ড নিয়ে গড়ে উঠেছে ‘ভ্যাটিকান আর্মি’ যা পৃথিবীতে সবচেয়ে পুরোনো ও সবচেয়ে ছোট সেনাবাহিনী হিসেবে পরিচিত।
