বলিভিয়ার প্রেসিডেন্টের শপথ গ্রহণ
বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস শপথ গ্রহণ করে বলেন, পাঁচশ’ বছর ধরে আদিবাসীদের উপর যে অবিচার করা হয়েছে তিনি এর অবসান ঘটাবেন।
রোববার এক আবেগ আপ্লুত ভাষণে এ ব্যাপারে তিনি তার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
লা পেজের কংগ্রেসে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজার হাজার বলিভিয়ার নাগরিকসহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৬ বছর বয়সী বলিভিয়ার নেতা বলেন, বলিভিয়ার বাজারে মুক্ত বাজার অর্থনীতির কাঠামো কাজ করবে না এবং মৌলিক সেবার ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশী নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্পেনের যুবরাজ ফিলিপ, ব্রাজিলের লুইজ ইনাকিউ লুলা দা সিলভা, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন জেভিয়ার সোলানা এবং ভেনিজুয়েলার হুগো চেভাজ।
