সুন্নি-কুর্দিদের সাথে জোট করতে পারে শিয়ারা
ইরাকের নির্বাচনে বেশি আসন লাভকারী শিয়ারা বলেছে, সুন্নি গ্রুপগুলো যদি গেরিলা সংঘাত নিরসনে পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা সুন্নিদের সাথে জোট সরকার গঠন করতে পারে।
ইরাকি এ্যালায়েন্স ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার কারণে এখন জোট সরকার গঠন করতে হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরাকি এ্যালায়েন্সের এক মুখপাত্র জানান, সুন্নি এবং কুর্দিরা সরকার গঠনে ঐক্যমতে পৌঁছার জন্য আলোচনায় করতে প্রস্তুত রয়েছে।
১৫ ডিসেম্বরের নির্বাচনে ২৭৫টি আসনের মধ্যে ইরাকি এ্যালায়েন্স ১২৮টি আসন, কুর্দি দল ৫৩টি এবং প্রধান সুন্নি আরব জোট ৪৪টি আসন লাভ করে।
কয়েকটি সুন্নি দল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছে এবং তারা নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করতে পারে।
প্রধান দুই রাজনৈতিক দল সুন্নি এবং কুর্দিস পার্টির নেতৃবৃন্দ জানান, জাতীয় ঐক্য সরকার গঠন করতে তারা একযোগে কাজ করবে।
