ইরাকি নেতৃবৃন্দ নতুন সরকার গঠনে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন
ইরাকে সংসদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ইরাকি রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার গঠনের জন্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
এ নির্বাচনে শিয়া নেতৃত্বাধীন ইউনাইটেড ইরাকি এ্যালায়েন্স ২৭৫টি আসনের মধ্যে ১২৮টি আসন, কুর্দি পার্টি ৫৩টি এবং প্রধান সুন্নি আরব জোট ৪৪টি আসন পেয়েছে। নির্বাচনী ফলাফল শুক্রবার ঘোষণা করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেছে, সবরকমের সিদ্ধান্ত ইরাকের দলগুলোকে একসাথে নিতে হবে। নতুন সরকার গঠনের জন্য শিয়াদের শরিক দলের সমর্থন প্রয়োজন হবে।
কয়েকটি সুন্নি দল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছে। তারা এ ফলাফলকে চ্যালেঞ্জ করতে পারে।
নির্বাচনী ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট জালাল তালেবানি সংসদ অধিবেশন আহবানের জন্য দুই সপ্তাহ সময় পাবেন। সংসদের এ অধিবেশনে এক মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন। এরপর প্রধানমন্ত্রী একমাসের মধ্যে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করবেন।
