২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু প্রতিরোধে প্রয়োজনীয় তহবিল গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত

বিশ্বব্যাপী বার্ড ফ্লু রোগ প্রতিরোধের জন্য দাতা দেশগুলো ১.৫ বিলিয়ন ডলারের এক তহবিল গঠন করার জন্য প্রতিশ্র“তি আদায়ের চেষ্টা করছে। মঙ্গলবার এই তহবিল গঠনের জন্য তারা বেইজিংয়ে এক সম্মেলনে মিলিত হয়েছে। সম্মেলন আজ বৃহস্পতিবারও চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 01:05 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবো আজ বৃহস্পতিবারের সম্মেলনের সমাপনী সভায় সভাপতিত্ব করবেন। তিনি ধনী দেশগুলোকে বার্ড ফ্লু রোগ দমনে প্রয়োজনীয় তহবিল গঠনের জন্য উদার হতে আহ্বাণ জানিয়েছেন।

এই তহবিলের অর্থ বার্ড ফ্লু আক্রান্ত দেশে স্বাস্থ্য ও পশুচিকিৎসার জন্য ব্যয় করা হবে।

বিশেষজ্ঞরা আশংকা করছেন, বার্ড ফ্লু এমন এক পর্যায়ে আসতে পারে, যাতে মানুষ থেকে মানুষে এই রোগ সহজে সংক্রমিত হবে, যা বিশ্ব ব্যাপী বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার বিষয়ে ইঙ্গিত দেয়।

বেইজিংয়ের গ্রেট হলে সমবেত লোকদের উদ্দেশ্যে এক ভাষণ দানকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা বিশ্বেবাসীর এখন প্রধান কর্মসূচী হওয়া উচিত।

তিনি আরো বলেন, বর্তমানে এই রোগটি প্রতিরোধ করা বিশ্ববাসীর জন্য এক ভয়ানক চ্যালেঞ্জ। দাতা দেশগুলো এই সম্মেলনে বার্ড ফ্লু দমনকে কতটুকু গুরুত্ব দেয় এখন সেটাই দেখার বিষয়।

এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৭৯ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই এশিয়ান। তবে এখনো তিনজনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এভিয়ান বিষয়ক সেমিনারে অংশ গ্রহণের জন্য বেইজিংয়ে গিয়ে বার্ড ফ্লু বিষয়ে জাতিসংঘের সহকারি ডেভিট নাবারো বলেছেন, বিশ্ব এখনো মারাত্মক কোন মহামারী প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়।

তিনি বলেন, বার্ষিক স্বাস্থ্য কর্মসূচী বিশ্বব্যাপী এতোটা সক্রিয় নয় যে, তা কার্যকরভাবে বার্ড ফ্লু বিষয়ে তদারক করতে পারে।

তিনি সর্তকতা উচ্চারণ করে বলেন, যত শিঘ্র সম্ভব পশু চিকিৎসা কর্মসূচী জোরদার করার জন্য সম্ভাব্য সকল সহায়তাকে কাজে লাগাতে হবে।

এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত পাখি বা গৃহপালিত হাঁস, মুরগীর সংস্পর্শে এসে মানুষ বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়। তবে মানুষ থেকে মানুষে এই রোগ সংক্রমিত হয় কিনা সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লু রোগের লক্ষণযুক্ত ১৩ বছর বয়স্ক এক মেয়ে মারা যাবার পর বৃহস্পতিবার তার তিন বছর বয়স্ক ভাইও মারা গেছে।

ধারনা করা হচ্ছে তাদের উভয়েই এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত ছিলো। বার্ড ফ্লু রোগে তাদের মৃত্যু নিশ্চিত হলে তাদের নিয়ে ইন্দোনেশিয়ায় এই রোগে মৃতের সংখ্যা ১৪ তে পৌঁছাবে।

এদিকে তুরস্কে আরো এক শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এই নিয়ে সেখানে ২১ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বার্ড ফ্লু রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় তহবিল গঠনের লক্ষ্যে বিশ্বের অর্ধেকেরও বেশী দেশ এবং স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দিনের মতো আলোচনা করছেন।

আশা করা হচ্ছে এই সম্মেলন থেকে ১.২ থেকে ১.৫ বিলিয়ন ডলারের এক তহবিল গঠন করা সম্ভব হবে, এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলার যোগান দেবে। ইউ ভুক্ত দেশগুলো আলাদাভাবেও সম পরিমাণ অর্থ যোগান দেবে বলে উদোক্তারা আশা করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মার্গারেট চান বলেছেন, এখনিই বার্ড ফ্লু রোগের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা না গেলে পরবর্তিতে এখনকার তুলনায় অনেক বেশী অর্থ খরচে বাধ্য হতে হবে।

বিশ্ব ব্যাংক বলেছে, তহবিলের মাধ্যমে প্রাপ্ত অর্থের অর্ধেকটা বার্ড ফ্লুতে আক্রান্ত সবচেয়ে ভয়াবহ এলাকা ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ও থাইল্যান্ডে ব্যয় করা হবে।

সম্মেলনে সুইডিশ এক ওষুধ কোম্পানী দুই মিলিয়ন মানুষের জন্য বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন তৈরী করবে বলে ঘোষণা দিয়েছে।