মিশেল বেচলেট চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত
মধ্য বামপন্থী প্রার্থী মিশেল বেচলেট চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শতকরা ৫৩ দশমিক পাঁচ ভোট পেয়ে এ নির্বাচনে জয়লাভ করেছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল ব্যবসায়ী সেবাসটিয়ান পিনেরা ছয় পয়েন্ট কম পেয়ে মিশেল বেচলেটের কাছে পরাজিত হন।
একজন মহিলা রাষ্ট্রনায়ক হওয়ায় বিদায়ী প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস এ নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং এদিনকে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেছেন।
ল্যাটিন আমেরিকার রাজনৈতিক অঙ্গনে মিশেল বেচলেটের আবির্ভাব এক নতুন মাত্রা যোগ করবে।
১৯৯০ সালে চিলিতে গণতন্ত্র ফিরে আসার পর এটা হচ্ছে চতুর্থ নির্বাচন। এর আগে ১৭ বছর চিলিতে সামরিক শাসন ছিল।
প্রেসিডেন্ট লাগোস টেলিফোনে নবনির্বাচিত প্রেসিডেন্ট বেচলেটকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বেচলেটের নিকটতম প্রতিদ্বন্দ্বী পিনেরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
পিনেরা রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ”আমি মিশেল বেচলেটের সাফল্য কামনা করি”।
