সাদ্দামের বিচার ট্রাইবুনালের প্রধান বিচারক পদত্যাগ করলেন
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত ট্রাইবুনালের প্রধান বিচারক পদত্যাগ করেছেন।
ট্রাইবুনালের সঙ্গে সম্পৃক্ত এক সূত্র থেকে জানা গেছে, সাদ্দামের বিচার ট্রাইবুনালের বিচারকার্য সম্পর্কে জনসাধারণের মাঝে যে প্রতিক্রিয়া তা খুবই হতাশাজনক বলে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন।
অন্যদিকে বিচারক রিয়াজগার আমীন ইরাকী ও মার্কিন রাজনীতিবিদের কাছেও এই বলে অভিযুক্ত যে, তিনি হত্যা মামলার বিচার কার্য পরিচালনার সময় সাদ্দাম হোসেনের প্রতি খুবই দয়াপরবশ ছিলেন। যার কারণে ইরাকের সাবেক প্রেসিডেন্ট আদালতে দাঁড়িয়ে আদালতের বিরুদ্ধেই চ্যালেঞ্জ ছুড়তে পেরেছেন।
তবে রিয়াজগাররের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে তাকে অব্যাহত চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।
১৯৮২ সালে ডুজালে ১৪৮ জন কুর্দিকে হত্যার জন্য সাদ্দাম হোসেন এবং তার শাসনামলে সাত নেতাকে রিয়াজগার আমীন বিচার করছিলেন। এই ট্রাইবুনালে আরো চারজন বিচারক বিচারকার্য পরিচালনা করলেও রিয়াজগার আমীনই জনসাধারণের কাছে সবচেয়ে বেশী পরিচিত।
ট্রাইবুনালে সাদ্দামের পক্ষের দুইজন বিচারক আততায়ীদের হাতে নিহত হবার পর ট্রাইবুনালের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়। মামলার সাক্ষিদের নাম পরিচয় গোপন করে পর্দার আড়ালে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। একজন বিচারক একটি ক্যামেরার মাধ্যম কেবল তাদের সাক্ষ্য প্রদান প্রত্যক্ষ করেন।
প্রধান বিচারক রিয়াজগার আমীনের পদত্যাগপত্র গ্রহণের জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর কাউন্সিল, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর অনুমোদন লাগবে।
বিচার ট্রাইবুনাল ২৪ জানুয়ারি আবার বসবে।
