২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অপহৃত ফরাসি প্রকৌশলীর মুক্তি লাভ

ইরাকে ডিসেম্বর মাসে অপহৃত ফরাসি প্রকৌশলীকে মুক্তি দেওয়া হয়েছে বলে ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা ও ফরাসি সরকার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বার্নার্ড প্লান্সি (৫২) নামের এই প্রকৌশলী শনিবার পশ্চিম বাগদাদের আবু গারিব কারাগারের পার্শ্ববর্তী একটি আমেরিকান চেকপয়েন্টের কাছে ছাড়া পান।

ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক এক বিবৃতিতে প্লান্সি’র মুক্তির বিষয়টিকে অভিনন্দিত করেছেন।

ইরাকে একটি দাতব্য প্রতিষ্ঠানে কর্মরত পানি নিয়ন্ত্রণ প্রকৌশলী প্লান্সিকে তার বাগদাদের বাড়ি থেকে ডিসেম্বরে বন্দুকধারীরা অপহরণ করে। পরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তার মাথায় বন্দুক ঠেকানো অবস্থায় একটি ভিডিও চিত্র প্রকাশ করে।

শুধু পুনর্গঠন ও জনকলাণমূলক কাজে প্লান্সি ইরাকে অবস্থান করছে, এই কথা বলে তার পরিবার আরব স্যাটেলাইট টেলিভিশনে তাকে ছেড়ে দেওয়ার জন্য বহুবার আবেদন জানায়। 

সন্ত্রাসীরা গত দুই বছরে ইরাকে অবস্থানরত শতাধিক বিদেশিকে অপহরণ করেছে বলে বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়।