শ্রীলংকায় তামিল গেরিলা হামলায় ১৫ নাবিক নিহত
শ্রীলংকায় তামিল গেরিলারা শনিবার ভোর রাতে নৌবাহিনীর একটি টহলযানে হামলা চালালে অন্তত: ১৫ জন নাবিক নিহত হয়েছে।
গেরিলাদের বোমা সজ্জিত একটি মাছ ধরা নৌকা ত্রিঙ্কোমালি উপকূলে শ্রীলঙ্কা নৌবাহিনীর যানটিকে ধাক্কা দিলে তা বিধ্বস্ত হয়। কিছুটা দূরে থাকা আরও একটি নৌকা অল্পের জন্য এ হামলা থেকে রক্ষা পায়।
নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জয়নাথ পেরেরা বলেন গেরিলা আক্রমণের শিকার নৌযানটির বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও তিন জন।
এদিকে, বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, শ্রীলংকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার জন্য তামিল টাইগারদের নৌ ইউনিটকে দায়ী করেছে।
তামিল সমর্থিত একটি ওয়েবসাইট হামলার ঘটনার উল্লেখ করলেও হতাহতের সংখ্যা এবং ঘটনার জন্য কারা দায়ী সে সম্পর্কে কিছু জানায়নি। তামিল টাইগাররা এর আগেও কোন হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
২০০২ এ যুদ্ধবিরতি ঘোষণার আগে এ ধরনের অসংখ্য বোমা হামলার ঘটনা ঘটেছে, এর মধ্যে ১৯৯৫ তে নৌবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানটি সমগ্র শ্রীলংকায় রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি করেছিল।
সরকারের তরফ থেকে হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
তামিলদের স্বায়ত্বশাসনের দাবিতে চলতে থাকা সহিংসতা প্রতিরোধে নরওয়ের মধ্যস্থতাকারি এরিক সোলহেইম ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত মোট ছ’বার বৈঠকে বসেছেন।
অস্ত্রবিরতি ঘোষিত হবার পর দু’দশক ধরে চলা বিবাদ বন্ধ ছিল। উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে স্বাধীন ভূমির দাবিতে ৩২ লাখ তামিল জনগোষ্ঠী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে সহিংসতায় ৬৫,০০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
