রাশিয়ার পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের কূটনৈতিক বিবাদের অবসানের লক্ষ্যে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রাশিয়ার মাটিতে সম্পন্ন করতে মস্কো যে প্রস্তাব দিয়েছিল, ইরান তা নাকচ করে দিয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেন, অন্য একটি রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার জন্য অপর দেশের উপর আস্থাশীল হওয়া যুক্তিসঙ্গত কোন কথা নয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায়, পারমাণবিক বোমা তৈরির জন্য উপযুক্ত জ্বালানি উৎপাদনের অভিলাষ ইরান পরিত্যাগ করুক।
এর আগে ইরান বলেছে, তারা ইউরেনিয়াম পৃথকীকরণের প্রযুক্তি উন্নত করেছে।
ইরান বলেছে, বাইরের কোন দেশ প্রযুক্তি সরবরাহ করতে রাজি না হওয়ায় ইরান নিজেই ইউরেনিয়াম পৃথকীকরণের যন্ত্রপাতি ও কারিগরি কৌশল উন্নত করেছে।
একটি পূর্ণাঙ্গ পারমাণবিক জ্বালানি চক্র তৈরি করতে ইরান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা সতর্কতা বয়ে এনেছে। ওয়াশিংটন আশংকা করছে, আণবিক বোমা তৈরি করতে ইরান তার প্রযুক্তি ব্যবহার করতে পারে।
ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছে বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করে তেহরান বলেছে, তারা কোন পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না এবং তারা শুধু বিদ্যুত উৎপাদনের চেষ্টা করছে।
ইরান ২০০৫ সালের আগষ্টে তার স্থগিতকৃত ইউরেনিয়াম রূপান্তকরণ কর্মসূচি পুনরায় সচল করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমঝোতা আলোচনা ভেঙ্গে যায়।
মস্কো গত বছর বলেছিল, রাশিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করতে ইরানকে অনুমতি দেয়া হবে।
এর ফলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি পারমাণবিক জ্বালানি চক্র তৈরি করার ইরানের বৈধ অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মস্কো যুক্তি দেখিয়েছিল।
আলী লারিজানি বলেন, রাশিয়ার পরিকল্পনা সুদূরপ্রসারী মাত্র এবং তা সুবিবেচনা-প্রসূত নয়।
ইরানের জাতীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, এর (রাশিয়ার প্রস্তাব) মধ্যে বড় ধরনের ফাঁক রয়েছে।
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরাইল হামলা চালানো হলে ইরানের পক্ষ থেকে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ার করে দেন।
