২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ২৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে রোববার গভীর রাতে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির তোড়ে শত শত বাড়িঘর ভেসে গেছে। ইন্দোনেশিয় পুলিশ সোমবার এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

জাভা প্রদেশের পুলিশ কমিশনার তেদুহ তেজো সাংবাদিকদের বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে। বন্যায় নিহতের সংখ্যা আরও অনেক বেশি হবে বলে আমরা আশংকা করছি।

জেম্বার জেলার কেমিরি গ্রামের একশ’রও বেশি বাড়িঘর বন্যায় ভেসে গেছে এবং পাশ্ববর্তী কৃষক অধ্যুষিত এলাকায় অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ভারি বর্ষণের কারণে শনিবার থেকেই এ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা জানায়, পাশ্ববর্তী কলিপুটিথ নদীর পানি বেড়ে যাওয়ায় জেম্বার জেলার চারটি গ্রামের শত শত বাড়িঘর বন্যার পানির তোড়ে ভেসে যায়।

স্থানীয় পুলিশ প্রধান সোয়েজাতমিয়ার্তোকে উদ্ধৃত করে সংস্থাটি জানায়, বন্যার শিকার অনেককে এখনও পাওয়া যায়নি। তাদের অনেকেই হয়ত মাটির নিচে চাপা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে।

ইন্দোনেয়িায় বর্ষাকালে এ ধরনের আকস্মিক বন্যা অস্বাভাবিক নয়। দেশটিতে ব্যাপকভাবে বন উজাড় এবং প্রাকৃতিক জলাশয় বন্ধ করে উন্নয়ন কর্মকাণ্ড করায় প্রকৃতির ভারসম্য নষ্ট হচ্ছে।