জার্মানিতে বরফ রিঙ্কের ছাদ ধসে ১১ জন নিহত
জার্মানির দক্ষিণাঞ্চলে একটি বরফ রিঙ্কের ছাদ ধসে পড়ার ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় বাদ রাইখেনহল এলাকার ব্যাভারিয়ান আলপাইন শহরে বরফ রিঙ্কের ছাদ ধসে পড়ার ঘটনার সময় ঘরটিতে ৫০জনের মত লোক অবস্থান করছিল।
পুলিশ জানিয়েছে, পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও একজন হাসপাতালে মারা গেছে। বাকি পাঁচ জন মারা গেছে বলে তারা ধারনা করছে।
৩০০ জনের মত দমকল বাহিনীর সদস্য, পুলিশ ও সেনা সদস্য উদ্ধার তৎপরতা চালাতে সেখানে উপস্থিত হলেও তুষারঝড়ের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
উদ্ধারকর্মীদের সুবিধার জন্য একটি হেলিকপ্টারকে উপর থেকে ফ্লাডলাইট জ্বালাতে দেখা গেছে।
নিহতদের মধ্যে সাত বছরের এক বালিকা ও ১২ বছরের এক বালক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ব্যাভারিয়ান গভর্নর এডমুন্ড স্টোলবার বলেছেন, দুর্ঘটনার খবর শুনে তিনি ভীষণ মর্মাহত।
পুলিশের মুখপাত্র ফ্রিট্জ ব্রাউন বলেছেন, উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। ভবনের ভিতরে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। ধসে পড়া ছাদ কেবল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সরানো যাবে।
