ফিলিস্তিনে নির্বাচন বানচালের আশঙ্কা
বানচালের আশঙ্কা থাকা সত্ত্বেও ফিলি¯িতনে নির্বাচনী প্রচারণা পুরোদমে চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।
মাহমুদ আব্বাস বলছেন হামলার আশঙ্কায় যদি ইসরায়েলী কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমের অধিবাসীদের ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে তাহলে তিনি নির্বাচনের দিন পিছিয়ে দেবেন।
কিন্তু নিজ দল ফাত্তাহ্’র পক্ষ থেকে গাজায় সহিংসতা বাড়ার প্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে দেবার অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছেন।
বিরোধী দলগুলো বলছে হেরে যাওয়ার ভয়ে ফাত্তাহ নির্বাচন পিছিয়ে দেবার এ দাবি তুলেছে।
১০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ফাত্তাহ কে বিরোধী মুসলিম জঙ্গী গ্র“প হামাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন সবাই।
ইসরায়েলী কর্তৃপক্ষ সম্প্রতি পূর্ব জেরুজালেমবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা প্রসঙ্গে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।
এদিকে হামাস কোন অবস্থায় নির্বাচন পেছানোর দাবি সমর্থন করবে না বলে মত প্রকাশ করেছে।
হামাসের মুখপাত্র সামি আবু যাহরি বলেন, আমাদের উদ্দেশ্য হলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের পথ থেকে বাধা অপসারণ করা, নির্বাচন বানচাল করা নয়।
এদিকে ফিলিস্তিনের অধিবাসীরা নির্বাচনী প্রচারণার আগামী সপ্তাহগুলোতে হামলার আশংকা করছেন। গত কয়েক সপ্তাহে বিদেশীদের অপহরণ, দেশটির জাতিসংঘ কার্যালয়ে হামলাসহ সীমান্তে মিসাইল আক্রমণে ২ ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
এছাড়া কমপক্ষে ২০০ পুলিশ আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি বিধানে নিজেদের সীমাবদ্ধতার উল্লেখ করে সরকারি অফিসগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সোমবার থেকে ফিলিস্তিন সীমান্তে ইউরোপীয় ইউনিয়নের ৩২ সদস্য বিশিষ্ট নির্বাচন পর্যবেক্ষক দল তাদের কাজ শুরু করেছে।
