গ্যাস সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন
গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ইউরোপিয় ইউনিয়ন এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। ইউরোপ জুড়ে গ্যাস নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে এ উদ্যোগ নেয়া হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো ।
ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ের সোলানা রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেন এ ব্যাপারে তাদের সম্মতির কথা জানিয়েছে।এদিকে মস্কো বলছে যে দেশগুলো বলছে কিয়েভে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরোপে গ্যাসের ঘাটতি সৃষ্টি হয়েছে সে দেশগুলোতে আরও বেশি পরিমাণে গ্যাসের যোগান নিশ্চিৎ করা হবে।
গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান ’গ্যাজপ্রম’ বলছে বুধবার সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নও সঙ্কট মোকাবেলায় তাদের করণীয নিয়ে আলোচনায় বসছে বুধবার ।
ইউক্রেনের পাইপলাইন থেকে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও স্লোভাকিয়া চরম গ্যাস সঙ্কটে পড়েছে। এদিকে, অস্ট্রিয়া ও হাঙ্গেরি বলছে প্রথমে গ্যাস সরবরাহ কমে গেলেও এখন আবার তা স্বাভাবিক হয়ে এসেছে।
রাশিয়া বলছে ইউক্রেনের চুরি করা গ্যাসের মাশুল গুনতে গিয়ে এখন তাদের অতিরিক্ত ৯৫ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করতে হচ্ছে।
ইউক্রেন তাদের বিরুদ্ধে আনা ২৫ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলছে কিয়েভের ওপর দিয়ে গ্যাস সরবরাহ করলে অবশ্যই তাদের চুক্তি অনুযায়ী কিছু মূল্য পরিশোধ করতে হবে। তাপমাত্রা ৩ ডিগ্রির নীচে নেমে গেলে তারা আবারো তাদের ভাগের গ্যাস ভোগ করতে বাধ্য হবে।
উল্লেখ্য, গ্যাজপ্রম ১০০০ কিউবিক মিটার গ্যাস এর মূল্য ৫০ ডলার থেকে ২৪০ ডলার নির্ধারণ করলে ইউক্রেন বর্ধিত মূল্য পরিশোধে অপারগতা জানায়। আর এ থেকেই বিরোধের সূত্রপাত হয়।
তবে ধাপে ধাপে মূল্য বৃদ্ধি করলে ইউক্রেন তাদের অবস্থান থেকে সরে আসবে বলে জানিয়েছে।
