জাভার একটি গ্রামে ভূমিধ্বসে ২০০ জনের মৃত্যুর আশংকা
মধ্য ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধ্বসে কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। এই ভূমিধ্বসে ১০০টিরও অধিক ঘরবাড়ি মাটিচাপা পড়েছে।
মধ্য জাভার পুলিশ জানায়, চিজেরূক নামক গ্রামের বেশিরভাগ ঘর-বাড়ি সম্পূর্ণরূপে মাটির নিচে চাপা পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশংকা প্রকাশ করছে।
এদিকে গত মঙ্গলবার পূর্বজাভায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত হয়েছে ৫৭ জন ইন্দোনেশিয়। উদ্ধারকারী দল এমোনো সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এমোনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। আড়াই হাজারেরও অধিক ঘর-বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
বুধবার ভোরে ভূমিধ্বসের টন টন মাটি ও পাথরের টুকরো ধেয়ে আসে চিজেরূক গ্রামের দিকে। ফলে মূহুর্তের মধ্যেই ১০০টিরও অধিক ঘর-বাড়ি পাথর-মাটির তলে চাপা পড়ে যায়।
জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে যে, এখন পর্যন্ত একটি মাত্র মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা আশংকা করছে গ্রামের বেশিরভাগ লোকই মাটিচাপা পড়ে নিহত হয়েছে।
জীবিতদের উদ্ধার কাজে কর্তৃপক্ষ গ্রামটিতে মাটি সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠিয়েছে।
বর্ষা ঋতুতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস ইন্দোনেশিয়ার জনজীবনে নৈমিত্তিক ঘটনা। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত স্থায়ী বর্ষাকালে ভূমিধ্বস ও বন্যা প্রতিবছর ইন্দোনেশিয়ার জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।
পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ক্রমাগত বনজ সম্পদ ধ্বংসের ফলে জাভায় বন্যা ও ভূমিধ্বসের ভয়াবহতা অনেক বেড়ে গিয়েছে।
