ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে দলে যোগ হচ্ছে মনোবিজ্ঞানী
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কা দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য দলে টেনেছেন দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞ ক্রীড়া ফিজিওলজিস্ট স্যান্ডি গরডনকে।
শ্রীলঙ্কা শেষ নয়টি ওয়ান ডে ম্যাচের মধ্যে আটটিতেই পরাজিত হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যেতে হয়েছে লঙ্কানদের। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি দিলীপ ম্যান্ডিস বলেন, “আমরা গুরুতর সমস্যায় পড়েছি। আমি ক্রিকেটারদের ব্যাটিং করার ধরন প্রত্যক্ষ করেছি এবং এটা পরিষ্কার, ক্রিকেটাররা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাই। কারণ আমরাও বিশ্বকাপ ক্রিকেটে অংশ গ্রহণ করবো। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশাকরি এর মাধ্যমে আমরা সফলতা পাবো।”
