ইউরোপীয় ইউনিয়ন গ্যাস সরবরাহে সৃষ্ট সংকট নিয়ে উদ্বিগ্ন
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিশেষজ্ঞরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গ্যাসের দাম নিয়ে সৃষ্ট সংকট নিরসনে আজ বুধবার জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য রাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার এই গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তে তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে তা নিরীক্ষা করে দেখছেন। উল্লেখ্য রোববার থেকে রাশিয়া ইউক্রেনকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
এই সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করবার কয়েক ঘন্টা পর ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি বৈঠক আহবান করে।
কিয়েভ, রাশিয়ার নতুন নির্ধারিত চারগুন বর্ধিত মূল্যে গ্যাস ক্রয়ে অসম্মতি জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ রোববার প্রয়োজনের তুলনায় অনেক কম গ্যাস সরবরাহ পেয়েছে। ইউনিয়নের জ্বালানী কমিশনার এ্যানড্রিস পাইবালস্ বলেছেন যে, গ্যাস সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতিতে স্পষ্টতই বোঝা যায় ইউরোপীয় ইউনিয়ন হ্্রাসকৃত গ্যাস সরবরাহের ফলে কতখানি দুর্বল হয়ে পড়তে পারে।
রাশিয়ার একটি জ্বালানি সরবরাহকারী কোম্পানী গ্যাজপ্রম জানিয়েছেন, মধ্য ও পশ্চিম ইউরোপে বৃহস্পতিবারের মধ্যে গ্যাসের নিয়মিত সরবরাহ পূনরুদ্ধার করা সম্ভব হবে।
পোল্যান্ড জানিয়েছেন যে, তারা রাশিয়া থেকে নেওয়া জ্বালানি গ্যাসের ক্ষেত্রে বিকল্প পথ খতিয়ে দেখছে। হাঙ্গেরি জ্বালানি খাতকে মনে করছে তাদের নিরাপত্তা ইস্যু হিসেবে। অস্ট্রিয়া জানিয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ইউনিয়নকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বুধবার গ্রীনিচ সময় সকাল ৮.৩০ মিনিটে ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তারা নিরূপন করবেন যে, রাশিয়া তাদের পূর্ণ গ্যাস সরবরাহ নিশ্চিত না করায় আজ পর্যন্ত তাদের কি পরিমান ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
উদ্ভূত গ্যাস সংকট পরিস্কারভাবে বুঝিয়ে দেয় যে, ইউরোপীয় ইউনিয়ন হ্্রাসকৃত গ্যাস সরবরাহের ফলে কতখানি দুর্বল হয়ে পড়তে পারে।
