শ্যারন মস্তিস্কের মারাত্বক রক্তক্ষরনে আক্রান্ত
ইসরায়েলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন গতকাল বুধবার বড় ধরনের ষ্ট্রোকে আক্রান্ত হয়েছেন। নিজ খামার বাড়িতে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হন। তাঁর মস্তিস্কে রক্ত চলাচল ঠিক রাখতে ও জমাট রক্ত সচল করতে দীর্ঘ সময়ব্যাপী জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। শ্যারনের নীতি-নির্ধারণ মূলক কর্মকান্ডের সকল দায়িত্ব দেওয়া হয়েছে তার সহযোগী ইহুদ অলমার্টকে।
সাতাত্তর বছর বয়সী শ্যারন গত ১৮ ডিসেম্বর, হৃৎপিণ্ডে ছোট একটি ছিদ্রের কারণে ছোটোখাটো ষ্ট্রোক করেছিলেন। গতকাল শ্যারনের হৃৎপিণ্ডের ছিদ্রটি বন্ধের জন্য একটি অপারেশন হবার কথা ছিল। কিন্তু তার আগেই মাত্রাতিরিক্ত ওজনের শ্যারন বড় ধরনের ষ্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছেন।
ইসরায়েল রেডিও জনৈক ইসরায়েলী স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শ্যারনের পুরোপুরি সুস্থ হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অঙ্গনে তার এই জীবন বিপন্নকারী ষ্ট্রোক একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলছে ইসরায়েলী রাজনীতিতে।
প্যালেস্টাইনে বড় দলগুলোর মধ্যে চলছে কোন্দল এবং সামনে প্যালেস্টাইন ও ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। চারিদিকে সরব নির্বাচনী প্রচারনার মধ্যে এরিয়েল শ্যারন মারাত্বক এই মস্তিস্কের রক্তক্ষরনে আক্রান্ত হলেন। ইসরায়েলী রাজনৈতিক অঙ্গনে শ্যারনের অনুপস্থিতি ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যেকার শান্তির অগ্রযাত্রাকে ভীষনভাবে ব্যাহত করবে বলে ধারনা করা হচ্ছে। তার নিজের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কাদিমা’র মধ্যেও এক শূন্যতা ও অচলাবস্থা সৃষ্টি হবে। ধারনা করা হচ্ছিল আগামী ২৮ মার্চের নির্বাচনে জয়লাভ করে ‘কাদিমা’ দল সরকার গঠন করবে।
প্রেসিডেন্ট জর্জ বুশ শ্যারনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি শ্যারনকে প্রশংসা করে বলেন যে, তিনি একজন অত্যন্ত সাহসী ও শান্তিকামী মানুষ। বুশ আরও বলেন যে, তিনি নিজে এবং ফার্ষ্ট লেডী লরা বুশ ইসরায়েলী জনসাধারনের সুখ-দুঃখের প্রকৃত অংশীদার হিসেবে নিজেদের মনে করেন।
প্রধান ইসরায়েলী যাজক ইয়োনা মেটজার সমগ্র ইসরায়েলবাসীকে প্রার্থনা সঙ্গীতে অংশ নিতে ও শ্যারনের জন্য প্রার্থনা করতে আহবান জানিয়েছেন। ‘স্বর্গ থেকে নেমে আসুক সুস্থতা ও ক্ষমা’-এই প্রার্থনা করে তিনি বললেন যে পুরো দেশবাসী শ্যারনের এই মারাত্বক অসুস্থতায় ভীষন উদ্বিগ্ন।
