গাজা সীমান্তে ২ মিশরীয় সেনা নিহত
গাজার রাফাহ সীমান্তে কয়েকশ’ উত্তেজিত ফিলিস্তিনি চুরি করা একটি বুলডোজার দিয়ে সীমান্তের দেওয়াল গুড়িয়ে দেওয়ার সময় দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে দু’জন মিশরীয় সেনা নিহত এবং ৩০জন আহত হয়।
মিশরীয় নিরাপত্তা বাহিনীর লেফটেনেন্ট সামীহ এল-আনতাবলিয়ান জানান, সীমান্ত প্রহরায় নিয়োজিত প্রায় ৩,০০০ মিশরীয় সেনাদের ওপর সীমান্তের আধ-মাইলের মধ্যে গুলি না করার নির্দেশ থাকা সত্ত্বেও তারা গুলি করতে বাধ্য হয়।
এসময় সেখানে প্রচণ্ড বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়। ফিলিস্তিনিরা মিশরীয় সেনা বাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়।
এর আগে মিশরীয় সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ফাঁকা গুলি বর্ষণ করে। একজন প্রত্যক্ষদর্শী জানান, এঘটনায় তিনজন ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
মিশরের সীমান্তবর্তী এলাকায় পুলিশ কারফিউ জারি করেছে।
