২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কার্যক্রমের আইনি বিষয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা

জাতীয় নিরাপত্তা কমিটির একজন শীর্ষ ডেমোক্র্যাট দলীয় সদস্য গত বুধবার প্রেসিডেন্ট বুশকে বলেছেন, কংগ্রেস কমিটিকে অবহিত না করে অভ্যন্তরীণ অপরাধ পর্যবেক্ষণের জন্য হোয়াইট হাউজ যে নতুন নিরাপত্তা আইন করেছে তা স্পষ্টতই আইন ভঙ্গের সামিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের প্রতিনিধি জন হারমেন তাঁর চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে যে সকল কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বা হবে নিরাপত্তা প্রধানদের সে সম্পর্কিত সর্বশেষ তথ্য অবশ্যই সিনেটের নিরাপত্তা কমিটিকে জানাতে হবে। কারণ তাঁর ভাষায় ‘জাতীয় নিরাপত্তা আইনটি গোপন কার্যক্রম হিসেবে বিবেচনা করা চলে না’।

হারমার আরো বলছেন, বিশেষ গোপনীয় কোন কার্যক্রমের ক্ষেত্রে প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত কংগ্রেসের ছোট কোন দলকে জানাতে পারেন। তবে আইন করে নির্ধারণ করে নিতে হবে কোনগুলো বিশেষ কার্যক্রমের আওতাভুক্ত হবে।

এদিকে বুশ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জাতীয় নিরাপত্তা এজেন্সির আভ্যন্তরীণ বিশেষ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কংগ্রেস সদস্যদের অন্তত ১২ বার অবহিত করা হয়েছে। তিনি এ আইনটি ১১ সেপ্টেম্বর ২০০১ এর এক মাস পর অনুমোদন করেন বলেও জানিয়েছেন।

হারমেনের চিঠির জবাবে হোয়াইট হাউজের এক মুখপাত্র গতকাল বুধবার বুশের সমর্থনে বলেন ‘আমরা বিশ্বাস করি যে, কংগ্রেসকে এ ব্যাপারে যথাযথভাবে অবহিত করা হয়েছে’।

এ চিঠির প্রসঙ্গ টেনে হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক চেয়ারম্যান পিটার হোকেস্ট্রা বলেছেন, হারমেন জানেনই না যে কতজনকে এ বিষয়ে জানানো হয়েছে।

অন্যদিকে হারম্যান বলছেন, অতীতে জাতীয় নিরাপত্তা বিষয়ে কংগ্রেসের তত্ত্বাধানে বুশের প্রশংসনীয় উদ্যোগ চোখে পড়লেও বর্তমানে তার অবস্থান একেবারেই অস্পষ্ট ঠেকছে।

যুক্তরাষ্ট্রে সরকার ইলেকট্রনিক নজরদারি বিষয়ে অনেক বিষয় গোপন রেখে চলেছে। অপরদিকে বুশ এবং তার সহযোগীরা বলছেন  যুক্তরাষ্ট্রের ভিতরে থেকে যারা আল কায়েদা বা সন্ত্রাসী কোন গ্র“পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে শুধুমাত্র তাদেরকেই ইলেকট্রনিক নজরদারির আওতায় আনা হচ্ছে।

 এ কার্যক্রম চালু হলে যুক্তরাষ্টের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী।

ডেমোক্র্যাট সদস্যরা এই নিরাপত্তা কার্যক্রমের আইনি বিষয়ে প্রশ্ন তুললেও এখনি তা বন্ধ করার বিষয়ে কিছু বলেননি।