এশিয়ায় কপিরাইট চুরি রোধ করতে আমেরিকার উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ
যুক্তরাষ্ট্র সরকার এশিয়ায় কপিরাইট চুরি রোধ প্রকল্পে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকক ভিত্তিক ফেডারেল বিচারক ক্রিস্টোফার সন্ডারবি মেধাসত্ত্ব আইন প্রয়োগ সমন্বয়ক হিসেবে কাজ করবেন।
আমেরিকা ও সমগ্র পৃথিবীর মানুষের মেধা ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তিকে চুরির হাত থেকে রক্ষার দায়িত্ব আমাদের বিচার বিভাগের একটি মূল লক্ষ্য জানালেন এটর্নি জেনারেল অ্যালবার্টো গঞ্জালেস।
তিনি জানান, তার এই নিয়োগ কপিরাইট চুরি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কপিরাইট চুরির ব্যাপারে তিনি এশিয়া মহাদেশকে খুবই জটিল বলে মনে করছেন।
সন্ডারবি এই জানুয়ারি মাস থেকে ব্যাংককে মেধা ও বুদ্ধিবৃত্তিক অধিকার রক্ষায় একজন সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করবেন। থাইল্যান্ডে আমেরিকার বিচার বিভাগের সাহায্যকারী দূত হিসেবেও তিনি কাজ করবেন।
সন্ডারবি নতুন এই দায়িত্ব নিয়ে এশিয়ায় মেধাসত্ত্ব আইন ভঙ্গের বিরুদ্ধে অনুসন্ধান ও বিচার কার্যে সমন্বয় সাধন করবেন। এক্ষেত্রে আঞ্চলিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারকদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধমে তিনি কাজ করে যাবেন।
ওয়াশিংটন জানায়, আমেরিকান কোম্পানীর বৈদ্যুতিক যন্ত্রপাতি, সফট্ওয়ার থেকে শুরু করে তৈরি পোষাক এবং সবরকমের বিলাস সামগ্রী এশিয়ায় নকল করে বিক্রি করা হয়। ফলে প্রতিবছর মেধাসত্ত্ব চুরির কারণে আমেরিকার কোম্পানীগুলো কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
মেধাসত্ত্ব চুরির ব্যাপারে এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছে চীন। কিন্তু পুরো এশিয়া জুড়েই মেধাসত্ত্ব চুরির ব্যাপক নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে মার্কিন সরকার জানায়।
