কাশ্মিরে বাস দুর্ঘটনায় নিহত ৪৪
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বৃহস্পতিবারের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। পুলিশ কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
কাশ্মিরের পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহতদের শ্রীনগর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জম্মুর ১৬৫ কিলোমিটার উত্তরের ডোডা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় চল্লিশ আসনের বাসটিতে কমপক্ষে ৯০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। অনেকে বাসের ছাদেও অবস্থান করছিল।
বাসটি রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে দূরবর্তী শহর সাংদালদানে যাচ্ছিল।
পুলিশ, সেনা ও স্থানীয় অধিবাসীরা রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে কমপক্ষে ২২ যাত্রীর মৃতদেহ উদ্ধার করে। এর আগে পুলিশ আরও ২২ জনের লাশ উদ্ধার করেছিল।
